৩ বছর পর ফেরার ম্যাচ জয়ে রাঙালেন ওজনিয়াকি
অবসর ভেঙে ফেরার ম্যাচে কানাডিয়ান ওপেনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সাবেক এক নম্বর তারকা।
তিন বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে। তবে কারোলিন ওজনিয়াকির পারফরম্যান্স দেখে সেটি বোঝার উপায় আছে সামান্যই। অবসর ভেঙে ফেরার ম্যাচ দারুণ জয়ে রাঙালেন মেয়েদের র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর তারকা।
কানাডিয়ান ওপেনের প্রথম রাউন্ডে মঙ্গলবার ৯৭ মিনিটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কোয়ালিফায়ার কিম্বার্লি বিরেলকে ৬-২, ৬-২ গেমে হারান ৩৩ বছর বয়সী ওজনিয়াকি।
ফেরার ম্যাচে এমন জয়ে উচ্ছ্বসিত ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এই ডেনিশ তারকা।
“খুব ভালো লাগছে। ফেরার পর আমার প্রথম ম্যাচ খেলার জন্য কী অসাধারণ একটি জায়গা। আমি এখানে মনট্রিলে খেলতে পছন্দ করি।”
২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের পর টেনিসকে বিদায় বলে দিয়েছিলেন ওজনিয়াকি। এরপর দুই সন্তানের জন্ম দেন তিনি। ২০২১ সালের জুনে হয় মেয়ে অলিভিয়া ও ২০২২ সালের অক্টোবরে ছেলে জেমস।
গত জুনে তিনি অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন। ইচ্ছা প্রকাশ করেন এই বছরের ইউএস ওপেনে খেলার। এর পরপরই তাকে ওয়াইল্ডকার্ড নিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলার অনুমতি দেয় আয়োজকরা।
নিউ ইয়র্কে ২০০৯ ও ২০১৪ সালের রানার্সআপ ওজনিয়াকি কানাডিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলবেন এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোউসোভার বিপক্ষে।
