লিভারপুল ছেড়ে ব্রেমেনে নাবি কেইতা
জার্মান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদের বিষয়ে কিছু জানানো হয়নি।
লিভারপুল অধ্যায় শেষে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন নাবি কেইতা। অভিজ্ঞ এই মিডফিল্ডারকে দলে টেনেছে জার্মান ক্লাব ভার্ডার ব্রেমেন।
উভয় ক্লাবের পক্ষ থেকে গত শুক্রবার খবরটি জানানো হয়। চুক্তির মেয়াদের ব্যাপারে কিছু অবশ্য বলা হয়নি।
কেইতার সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ছিল এই মৌসুম পর্যন্ত। তাই 'ফ্রি এজেন্ট' হিসেবে ব্রেমেনে যোগ দিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
২০১৮ সালে আরেক জার্মান ক্লাব লাইপজিগ থেকে ৪ কোটি ৮০ লাখ পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেন কেইতা।
তবে অ্যানফিল্ডে আসার পর চোটের থাবায় বারবার ছিটকে গেছেন তিনি। মিস করেছেন অসংখ্য ম্যাচ। ইয়ুর্গেন ক্লপের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন ১২৯টি ম্যাচ, গোল করেছেন ১১টি।
চোটের কারণে এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র ৮টি ম্যাচ খেলতে পারেন গিনির এই মিডফিল্ডার।
লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন কেইতা।
