২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোয় ক্রুস-মদ্রিচকে খেলানো নিয়ে অনিশ্চয়তায় আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ কোচের মতে, শুরুর একাদশে থাকার চেয়ে ম্যাচে কার্যকরী হওয়া বেশি গুরুত্বপূর্ণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 09:13 PM

Updated : 04 Apr 2023, 09:13 PM

দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের মাঝমাঠের বড় দুই ভরসা লুকা মদ্রিচ ও টনি ক্রুস। তবে সময়ের পরিক্রমায় দুজনের খেলাতেই এখন দৃশ্যমান বয়সের ছাপ। কার্লো আনচেলত্তির কাছে অবশ্য তারা এখনও দলের অপরিহার্য সদস্য। তবে আসছে ক্লাসিকোতে তাদের শুরুর একাদশে রাখা নিয়ে নিশ্চিত নন রিয়াল কোচ।

বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে খেলবে রিয়াল। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল মাদ্রিদের দলটি। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন মদ্রিচ ও ক্রুস। দ্বিতীয়ার্ধের শেষের দিকে তাদের তুলে নেন আনচেলত্তি।

মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল লা লিগায় গত রোববার রিয়াল ভাইয়াদলিদকে হারায় ৬-০ গোলে। শুরুর একাদশে নেমে ক্রুস খেলেন পুরোটা সময়, ওই ম্যাচের পুরোটা বেঞ্চে বসেই কাটান মদ্রিচ।

এক মাসের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয়বার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়তে যাচ্ছে রিয়াল। এই ম্যাচের ভাবনায় ৩৭ বছর বয়সী মদ্রিচকে হয়তো বিশ্রাম দিতে চেয়েছেন আনচেলত্তি। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাবেক এসি মিলান কোচ বলেছেন, শুরুর একাদশে ৩৭ বছর বয়সী মদ্রিচ বা ক্রুস কেউই নিশ্চিত নন।

“ক্রুস ও মদ্রিচ অপরিহার্য, তবে এর মানে এই নয় যে তারা আগামীকাল খেলতে যাচ্ছে। দলে অনেক অপরিহার্য খেলোয়াড় আছে, কিন্তু সেখান থেকে একটি একাদশ বাছাই করতে হবে। আমাকে বেঞ্চের খেলোয়াড়দের কথা ভাবতে হবে।”

“শুরুর একাদশে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, মূল বিষয় হলো (ম্যাচে) কার্যকরী হওয়া।”

মদ্রিচ ও ক্রুস যখন তাদের ক্যারিয়ারের গোধূলি লগ্নে, তখন রিয়ালে নিজেদের পায়ের নিচে মাটি শক্ত করছেন দুই ফ্রেঞ্চ মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। গত বিশ্বকাপের পর থেকে এই দুই তরুণ প্রায় ধারাবাহিকভাবে শুরুর একাদশে খেলছেন। অভিজ্ঞদের জায়গায় ক্লাসিকোতে হয়তো তাদেরকেও সুযোগ দিতে পারেন আনচেলত্তি।

কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত একটায়।