২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাভিকে যেভাবে বরখাস্ত করল বার্সা, তাতে ক্ষুব্ধ সেভিয়া কোচ

সেভিয়া কোচ কিকে সানচেস ফ্লোরেসের মতে, কাতালান ক্লাবটি তাদের কিংবদন্তিদের সঙ্গে বাজে আচরণ করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

যে প্রক্রিয়ায় শাভি এর্নান্দেসকে বরখাস্ত করেছে বার্সেলোনা, তা একদমই পছন্দ হয়নি সেভিয়া কোচ কিকে সানচেস ফ্লোরেসের। তার মতে, নিজেদের কিংবদন্তিদের সঙ্গে বাজে আচরণ করছে কাতালান ক্লাবটি। 

মৌসুম শেষে নিজেই বার্সেলোনার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন শাভি। অনেক চেষ্টার পর তার মন বদলাতে সক্ষম হয় বার্সেলোনা। ক্লাবের অনুরোধেই তিনি চুক্তির শেষ মৌসুমটি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছুদিন যেতেই তার ওপর মন উঠে গেল ক্লাব কর্তৃপক্ষের। শুক্রবার তাকে ছাঁটাই করা হয়।

বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল ফুটবলারদের একজন শাভি। কাম্প নউয়ে ১৭ বছরের ক্যারিয়ারে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক জিতেছেন তিনি। এরপর ২০২১ সালের নভেম্বরে নানা সমস্যায় জর্জরিত দলটির প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তার হাত ধরে দ্রুত ঘুরে দাঁড়ায় দলটি, পরের মৌসুমেই জেতে লা লিগা শিরোপা।

চলতি মৌসুমে সময়টা অবশ্য খারাপ কাটছে বার্সেলোনার। লিগ শিরোপা ধরে রাখতে পারেনি তারা। আগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া রেয়াল মাদ্রিদের অনেক পেছনে থেকে রানার্সআপ হওয়ার পথে তারা। গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বাদ পড়া দলটি এবার কোয়ার্টার-ফাইনাল খেললেও শাভির ওপর চাপ বাড়তে থাকে। 

বাড়তি চাপকে কারণ দেখিয়েই গত জানুয়ারিতে শাভি জানিয়ে দেন, মৌসুম শেষে দায়িত্বে আর থাকবেন না তিনি। কিন্তু ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের পর এপ্রিলে আগামী মৌসুম থাকার সিদ্ধান্তে নেন সাবেক এই মিডফিল্ডার। তাকেই এখন কিনা চাকরিচ্যুত করল বার্সেলোনা। ক্লাবটির এমন আচরণ মানতেই পারছেন না ফ্লোরেস। 

সাবেক কোচ রোনাল্ড কুমান ও ক্লাবের ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গেও ক্লাবটি যা করেছে, সেই উদাহরণ টেনে ফ্লোরেস শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন, কিংবদন্তিদের সঙ্গে খারাপ ব্যবহার করার ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সেলোনা।

“আমার এটা বলা উচিত হবে না, তবে বার্সেলোনা তাদের কিংবদন্তিদের সঙ্গে কী বাজে আচরণই না করছে। কুমান, মেসির পর এখন শাভির সঙ্গে, খুবই খারাপ। আমি চাই, ক্লাবগুলো তাদের কিংবদন্তিদের সঙ্গে ভালো আচরণ করুক। সেটা হতো দারুণ ব্যাপার। কোচদের সঙ্গে ভক্তদের বন্ধন একটা লেগ্যাসির মতো। কিংবদন্তিদের সঙ্গে ভালো আচরণ করা, একটা ক্লাবে এই বিষয়গুলো অনেক কিছুর মধ্যে সংযোগ স্থাপন করে।”

“শাভি এই ক্লাবের একজন কিংবদন্তি। গত মৌসুমে সে লিগ জিতেছিল, কিন্তু ফুটবলে স্মৃতিশক্তি তো ক্ষীণ। এ বছরের প্রথম মিনিট থেকেই তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তাকে নিয়ে যে সমালোচনা করা হচ্ছে, তা সঠিক কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে।”

আগামী রোববার মৌসুমের শেষ লিগ ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ক্লাবটির ডাগআউটে শেষবার দেখা যাবে শাভিকে। ফ্লোরেস বললেন, সাফল্যমণ্ডিত খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবেও ভালো কাজ করছেন বিশ্বকাপজয়ী স্পেন তারকা।

“খেলোয়াড় হিসেবে অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করেছে শাভি এবং কোচ হিসেবেও দারুণ কাজ করেছে। আমি তাকে বাহবা দেব, আমরা কথা বলব।”