২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলে নেই দিবালা

দুটি প্রীতি ম্যাচের দলে ফিরেছেন গোলরক্ষক জেরোনিমো রুলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 11:46 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগের শেষ দুটি প্রীতি ম্যাচের দলে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকেই রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে কোনো চোট না থাকলেও ২৯ জনের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। 

আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে ৯ জুন একুয়েডর ও পাঁচদিন পর গুয়াতেমালার মুখোমুখি হবে স্কালোনির দল। 

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার এবারের আসরের জন্য দল চূড়ান্ত করার জন্য ১২ জুন পর্যন্ত সময় পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। নতুন কেউ না এলে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়বেন তিন জন।

ফিট থাকলে প্রায় সবসময়ই স্কোয়াডে থাকেন দিবালা। তবে কোনো চোট না থাকলেও এবার রোমার তারকা ফরোয়ার্ডকে ডাকেননি স্কালোনি। 

কাতার বিশ্বকাপে ২৬ জনের দলে থাকা জেরোনিমো রুলি ফিরেছেন প্রায় এক বছর পর। ৩২ বছর বয়সী আয়াক্স গোলরক্ষককে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ওয়াল্তার বেনিতেস। 

ডাক পেয়েছেন সম্ভাবনাময় তিন তরুণ আলেহান্দ্রো গারনাচো, ভালেন্তিন ব্রাকো ও ভালেন্তিন কারবোনি। জায়গা হয়নি ফাকুন্দো বোনানোত্তের।

প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জেরোনিমো রুলি (আয়াক্স)

ডিফেন্ডার: গনসালো মানতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), লিওনার্দো বেলার্দি (মার্সেই), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রেয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), ভালেন্তিন ব্রাকো (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন)

মিডফিল্ডার: গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাকআলিস্তের (লিভারপুল), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (বেনফিকা), ভালেন্তিন কারবোনি (মোনসা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড). নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি)