২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমবাপেকে আটকাতেই হবে’

ফ্রান্সের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সতীর্থদের সতর্ক বার্তা দিলেন নেদারল্যান্ডসের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

‘এমবাপেকে আটকাতেই হবে’
ফ্রান্সের বিপক্ষে কাঙ্ক্ষিত ফল পেতে কিলিয়ান এমবাপেকে (বাঁয়ে) আটকানোর ওপর জোর দিলেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিন ফন ডাইক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 07:55 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ফুটবল যদিও দলীয় খেলা, কিন্তু কিলিয়ান এমবাপে একাই ঠিক করে দিতে পারেন ম্যাচের গতিপথ। ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে স্বাভাবিকভাবেই তাই সতর্ক ভার্জিল ফন ডাইক। নেদারল্যান্ডসের এই অভিজ্ঞ ডিফেন্ডার মনে করেন, ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে দলীয়ভাবে এমবাপেকে আটকে রাখার ছক কষতে হবে তাদের।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আগামী শুক্রবার ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মানির এবারের আসর শুরু করেছে প্রথম ও সবশেষ ১৯৮৮ সালে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নরা।

ওই জয়ে মিলেছে ৩ পয়েন্ট। ফ্রান্সের বিপক্ষেও জয় তুলে নিতে পারলে নকআউট পর্বে ওঠার খুব কাছে পৌঁছে যাবে নেদারল্যান্ডস। তবে ফরাসিদের বিপক্ষে ভালো কিছু পেতে হলে এমবাপেকে আটকাতেই হবে, মনে করেন ফন ডাইক।

“দেখুন, সবাই এমবাপের মান জানে। তাদেরকে (ফ্রান্সকে) গোল করা থেকে বিরত রাখতে হলে আমাদের দলীয়ভাবে সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স করতে হবে। অবশ্যই সে বিশ্বমানের খেলোয়াড়, যে এক পলকেই পার্থক্য গড়ে দিতে পারে।”

“ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের জন্য আমাদেরকে একটা দল হিসেবে প্রস্তুত হতে হবে এবং আমি মনে করি, গত কয়েক ম্যাচে আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি। শুক্রবারের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের শীর্ষ পর্যায়ের রক্ষণভাগ প্রস্তুত আছে। এটা এখন বড় ম্যাচ।”

ইউরোর বাছাইয়ে দুই লেগেই ফরাসিদের বিপক্ষে হেরেছিল নেদারল্যান্ডস। প্রথম লেগে তো উড়ে গিয়েছিল ৪-০ গোলে। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না ফন ডাইক। মাঠের লড়াইয়ে নামতে সব যোদ্ধা প্রস্তুত রাখার দিকেই মনোযোগ তার।

“তাদের বিপক্ষে গত দুই ম্যাচে আমরা ভুগেছি, কিন্তু এখন আমি সামনের দিকে তাকিয়ে আছি। এখন আমাদের মনোযোগ রিকভারির দিকে এবং সামনের কঠিন পরীক্ষার জন্য সবকিছু প্রস্তুত করে তোলা।”