২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ার্দিওলার চোখে আর্সেনাল ম্যাচ এখন ‘ফাইনাল’

কয়েক মৌসুমে ধরে আর্সেনালের ধারাবাহিকতা দেখে মুগ্ধ ম্যানচেস্টার সিটি কোচ।

গুয়ার্দিওলার চোখে আর্সেনাল ম্যাচ এখন ‘ফাইনাল’
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা (বাঁয়ে) ও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

আর্সেনাল তাদের সবশেষ ম্যাচে হারায় এবং চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটি জেতায়, আরও জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। দুই দলের সামনেই রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। উত্তেজনাপূর্ণ এই দৌড়ে পরের রাউন্ডে মুখোমুখি হবে দল দুটি। হাইভোল্টেজ দ্বৈরথটিকে এবারের লিগের সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচ হিসেবে দেখছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে নামিয়ে আনে সিটি। মিকেল আর্তেতার দলের চেয়ে একটি ম্যাচ কমও খেলেছে গুয়ার্দিওলার দল।

চেলসির বিপক্ষে নিকো ও’রাইলি সিটিকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান মার্ক গেয়ি। তৃতীয় গোলটি করেন জেরেমি ডোকু। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

নিজেদের সবশেষ লিগ ম্যাচে গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে হেরে যায় আর্সেনাল। মূলত তাদের ওই পরাজয়ই সিটিকে সুযোগ করে দিয়েছে লিগ শিরোপা পুনরুদ্ধারের। শিরোপা ভাগ্য অবশ্য এখনও আর্সেনালের হাতেই আছে। তবে, অন্য কিছুর ওপর অপেক্ষা করতে না চাইলে, বাকি ছয় ম্যাচেই জিততে হবে সবশেষ ২০০৪ সালে শিরোপা জয়ীদের। 

আগামী রোববার ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। শিরোপা লড়াইয়ে এই ম্যাচের ফল নিশ্চিতভাবেই রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। চেলসিকে হারানোর পর গুয়ার্দিওলা বললেন, তাদের পরের ম্যাচটি হবে এবারের আসরের শিরোপা নির্ধারক।

“আর্সেনালের বিপক্ষে ম্যাচটি ফাইনাল। তবে এটা বলবেন না, ব্রেন্টফোর্ড (৯ মে) ম্যাচ সহজ হবে। আমরা এমন একটি দলের (আর্সেনাল) বিপক্ষে খেলব, যারা (মৌসুমে প্রথম) ৪৯ ম্যাচের মধ্যে কেবল তিনটি হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ হারেনি।”

“লিগ কাপে আমরা পুরোপুরি আন্ডারডগ ছিলাম- আমাদের ওপর এক পাউন্ডও বাজি ধরার মতো এই দেশে এমন একজনও ছিল না। সম্ভবত এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন।”

গত কয়েক মৌসুম ধরেই লিগে দুর্দান্ত করছে আর্সেনাল। কিন্তু শেষে এসে পথ হারিয়ে ফেলায় শিরোপা জেতা আর হয়ে উঠছে না তাদের। এবারও মৌসুমের শেষভাগে এসে ধুঁকছে দলটি। বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে হারের আগে লিগ কাপের ফাইনালে সিটির কাছে ২-০ গোলে হেরে যায় তারা। এই দুই পরাজয়ের মাঝে দ্বিতীয় স্তরের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে হেরে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।

আর্সেনালের বিপক্ষে সবশেষ ম্যাচ জিতলেও, দলটির ধারাবাহিকতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গুয়ার্দিওলা।

“আর্সেনাল গত কয়েক বছর ধরে যা করছে, এর জন্য তাদের প্রতি আমার সম্মান রয়েছে। তাদের কোচ, খেলোয়াড় এবং তাদের মান সম্পর্কে আমি জানি। প্রতিটি কঠিন পরিস্থিতিতে তারা যেভাবে লড়াই করে… এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”

“এখন পর্যন্ত তারাই দেশের ও ইউরোপের সেরা দল। আর্সেনালকে একবার হারানোই অনেক কঠিন, কল্পনা করুন কয়েক সপ্তাহের ব্যবধানে তাদের দ্বিতীয়বার হারানো চেষ্টা করতে হবে।

লিগে ৩২ ম্যাচ খেলে ২১ জয় ও ৭ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৭০। আর ৩১ ম্যাচে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তাদের তাড়া করছে সিটি।