২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর মুখে হাসি দেখতে চান গার্সিয়া

পর্তুগিজ ফরোয়ার্ডকে তার খেলা উপভোগ করায় সাহায্য করতে চান আল নাস্‌র কোচ রুদি গার্সিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 04:39 PM

Updated : 10 Jan 2023, 04:39 PM

আল নাস্‌রে যোগ দেওয়ার আগে কিছুদিন বড্ড বাজে সময় কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। নানা বিতর্কে জেরবার হয়ে ছাড়তে হয়েছে প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেড। কাতার বিশ্বকাপও ভালো কাটেনি। বিতর্ক, বাহাস ছিল সঙ্গী। সেই রোনালদো নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন সৌদি আরবের ক্লাবে যোগ দিয়ে। দলটির কোচ রুদি গার্সিয়াও চান, পর্তুগিজ তারকার মুখে ফিরুক চেনা হাসি।

ক্যারিয়ারের সায়াহ্নে যুক্তরাষ্ট্রে খেলে দেশটির ফুটবলের জনপ্রিয়তায় বড় অবদান রেখেছিলেন কিংবদন্তি পেলে। তার মতোই পড়ন্ত বেলায় সৌদি আরবের ফুটবলে পা রেখেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার কাছ থেকেও তেমন কিছুই প্রত্যাশা গার্সিয়ার। আল নাস্‌র কোচের বিশ্বাস, এশিয়ার দেশটির ফুটবলে পেলের মতোই প্রভাব বিস্তার করবেন এই ফরোয়ার্ড।

ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে গত ডিসেম্বরের শেষের দিকে আড়াই বছরের চুক্তিতে রোনালদো পাড়ি জমান আল নাস্‌রে। সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় তারকা এখন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের সাবেক এই ফুটবলার। পারফরম্যান্সে ভাটার টান পড়লেও বিশ্বব্যাপী রোনালদোর আবেদন তাতে কমেনি। ফলে দেশটির ফুটবলে তাকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই।

রোনালদোর মাপের একজনের এখানে খেলা মানে সৌদি আরব ও দেশটির ক্লাব ফুটবল নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বেড়ে যাওয়া। এর মাধ্যমে বাড়তে পারে ভবিষ্যতে আরও বড তারকাদের দেশটিতে খেলার সম্ভাবনাও।

এর সঙ্গে অনেকটাই মিল রয়েছে ১৯৭৫ সালে পেলের যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দেওয়ার ঘটনাটিও। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা এই ব্রাজিলিয়ান তখন ছিলেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। তবে দলটিতে তার দুই বছরের পথচলায় সমৃদ্ধ হয়েছিল দেশটির ফুটবল। জনপ্রিয়তাও বেড়েছিল বেশ।

একইভাবে সৌদি আরবের ফুটবলে নতুন দিগন্ত খুলে দেওয়ার ভালো সম্ভাবনাই আছে রোনালদোর সামনে। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব ও জাতীয় দলে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বিতর্কিত এক সাক্ষাৎকারের জের ধরে কাতার বিশ্বকাপের মাঝে তার সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ইউনাইটেড। বিশ্ব সেরার মঞ্চে তিনি করেন মাত্র একটি গোল, অধিনায়ক হয়েও জায়গা হারান শুরুর একাদশে।

ইউনাইটেডে থাকার সময় চলতি মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতিতে দেরিতে যোগ দিয়েছিলেন রোনালদো। সদ্যোজাত সন্তানের প্রয়াণের পর পরিবারকে সময় দিয়েছিলেন তখন। ব্যক্তিগত ও পেশাদার ক্যারিয়ার মিলিয়ে কঠিন সময় পার করা ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়ে জন্য চ্যালেঞ্জিং হতে পারে নিজেকে ফিরে পাওয়া।

গার্সিয়া অবশ্য আশাবাদী, আবার খেলার আনন্দ খুঁজে পাবেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল স্কোরার। সোমবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপের সঙ্গে আলাপচারিতায় ৫৮ বছর বয়সী এই কোচ রোনালদোর মুখে পুরনো হাসি দেখার চাওয়াটা জানান।

“আমি একমাত্র বিষয় যা দেখতে চাই তা হলো, সে আবার ফুটবল খেলা উপভোগ করুক এবং হাসুক। সাম্প্রতিক মাসগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেড, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়েও তার জন্য সময়টা সহজ ছিল না। সে যদি আবার খেলার আনন্দ খুঁজে পায়, তাহলে একটি ভালো লক্ষ্য অর্জিত হবে।”

পেলের মতোই অজনপ্রিয় একটি লিগের পাশাপাশি সৌদি ফুটবলের চিত্রও রোনালদো বদলে দেবেন বলে আশাবাদ গার্সিয়ার।

“(রোনালদোর আল নাস্‌রে যোগ দেওয়া) কিছুটা পেলের (নিউইয়র্ক কসমসে) আগমনের মতো, বিশেষ করে সৌদি আরবের ফুটবল, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশের জন্য। এটা দারুণ। আমাদের জন্য, আল নাস্‌রের জন্য দারুণ ব্যাপার। সৌদি আরবের জন্যও দারুণ…।”

আগামী ২২ জানুয়ারি লিগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাস্‌রের হয়ে অভিষেক হবে রোনালদোর। এর আগে ১৯ জানুয়ারি আল হিলাল ও আল নাস্‌র সম্মিলিত দল খেলবে পিএসজির বিপক্ষে।

গার্সিয়া নিশ্চিত করেছেন, ওই ম্যাচে রোনালদো খেলবেন।