১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্ণ শক্তির দল ঘোষণা বার্সেলোনার

সদ‍্য ধারে দলে ফেরা জোয়াও কান্সেলোও আছেন কোপা দেল রের স্কোয়াডে।

পূর্ণ শক্তির দল ঘোষণা বার্সেলোনার
বার্সেলোনার ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও কোনোরকম ঝুঁকি নিতে চান না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রেসিংয়ের বিপক্ষে কোপা দেল রের গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছেন তিনি।

স্পেনের দ্বিতীয় সেরা ফুটবল প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াইয়ে বৃহস্পতিবার রেসিংয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু মাঠের লড়াই।

এদিনই ম্যাচটির জন্য ২২ জনের স্কোয়াড ঘোষণা করেন ফ্লিক। আল হিলাল থেকে ধারে সদ্য দলে যোগ দেওয়া অভিজ্ঞ পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলোকেও দলে রেখেছেন জার্মান কোচ।

প্রতিযোগিতার শেষ ষোলোয় বুধবার আলবাসেতের বিপক্ষে নিয়মিতদের অনেককে বাইরে রেখে খেলতে নামে রেয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্তরের ক্লাবটির বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় ইউরোপের সফলতম ক্লাবটি।

চিরপ্রতিদ্বন্দ্বীদের পথে হেঁটে বিপদ ডেকে আনতে চায় না কাতালান ক্লাবটি। তাই দলের সেরা ফুটবলারদের প্রায় সবাইকে নিয়েই রেসিংয়ের মুখোমুখি হচ্ছে তারা।

রক্ষণভাগ সামলানোর জন্য কান্সেলোর সঙ্গে রোনল্‌দ আরাউহো, আলেহান্দ্রো বাল্‌দে, পাউ কুবার্সি, জেরার্দ মার্তিন, জুল কুন্দে, এরিক গার্সিয়াকে রেখেছেন ফ্লিক। মিডফিল্ডে খেলার জন্য আছেন পেদ্রি, ফের্মিন লোপেস, দানি ওলমোরা।

আর আক্রমণভাবে ফেররান তরেস, রবের্ত লেভানদোভস্কি, লামিনে ইয়ামাল, রাফিনিয়া, মার্কাস র‍্যাশফোর্ডরা আছেন। ক্লাবের তিন অভিজ্ঞ গোলরক্ষকই আছেন স্কোয়াডে।