স্প্যানিশ ফুটবল
Published : 11 Aug 2025, 05:39 PM
মাঝমাঠের সমস্যা যেন কাটছেই না রেয়াল মাদ্রিদের। গত মৌসুমে এই জায়গায় বেশ ভুগতে হয়েছিল তাদের। এদুয়ার্দো কামাভিঙ্গা চোটে পড়ায় নতুন মৌসুম শুরুর আগে ফের একই সমস্যায় পড়েছে স্প্যানিশ দলটি।
ইউরোপের সফলতম ক্লাব রোববার জানায়, ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তাদের ২২ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা। তার মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমা নিয়ে কিছু জানায়নি রেয়াল মাদ্রিদ।
আসছে মৌসুমের শুরুতে তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে পাবে না রেয়াল। গত মাসে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ এই ফুটবলারকে।
গত এক বছরে পাঁচবার চোটে পড়েন কামাভিঙ্গা। এতে গত মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। লা লিগায় ১৯ ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে মাঠে নামেন এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্টে শেষ করেন ২০২৪-২৫ মৌসুম।
গ্রীষ্মের দলবদলে এখন পর্যন্ত নতুন কোনো মিডফিল্ডার দলে টানেনি রেয়াল। উল্টো তাদের ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন দীর্ঘদিন মাঝমাঠের ভরসা হয়ে থাকা লুকা মদ্রিচ। তাই নতুন মৌসুমের আগে মাঝমাঠ নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রেয়াল মাদ্রিদ।
এবারের দলবদলে রেয়াল শক্তি বাড়িয়েছে তাদের রক্ষণভাগে। ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ডিন হাউসেন ও আলভারো কারেরাসকে দলে টেনেছে তারা। সঙ্গে আর্জেন্টাইন তরুণ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও কিনেছে তারা। চলতি সপ্তাহে ১৮ বছর পূর্ণ হলে রেয়ালের সঙ্গে যোগ দেবেন এই ফুটবলার।
ক্লাব বিশ্বকাপে আর্দা গিলেরকে সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলায় রেয়াল। গিলেরের সঙ্গে মাঝমাঠের দায়িত্বে ছিলেন ফেদেরিকো ভালভার্দে, অহেলিয়া চুয়ামেনি ও বেলিংহ্যাম। টুর্নামেন্টের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া রেয়ালের নতুন কোচ শাবি আলোন্সো বলেছিলেন, “যারা আছে তাদের নিয়েই মাঝমাঠে আমরা আধিপত্য করব।”
গত মৌসুমটা ভালো কাটেনি রেয়ালের। বড় কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করে তারা। আগামী ১৯ অগাস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় অভিযান শুরু করবে তারা।