২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুব খারাপ খেলেছি’ মেনে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় আতলেতিকো কোচের

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তার দল যে ভীষণ খারাপ খেলেছে, তা নির্দ্বিধায় মেনে নিলেন দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 04:20 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

সবকিছু খুব ভালোভাবে না হলেও, ঠিকঠাকই চলছিল। তিন দিন আগেই যেমন, নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার না মানসিকতায় ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল আতলেতিকো মাদ্রিদ। সেই তারাই এবার বেনফিকার বিপক্ষে ন্যূনতম লড়াইটাও করতে পারল না! দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে হতাশা থাকলেও, সামনে ভালো করার ব্যাপারে আশাবাদী কোচ দিয়েগো সিমেওনে। 

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে আতলেতিকোকে ঘরের মাঠে পেয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় বেনফিকা। তুলে নেয় ৪-০ গোলের জয়।

গত রোববার লা লিগায় চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের বিপক্ষে হারের মুখে দাঁড়িয়ে শেষ সময়ের গোলে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় আতলেতিকো, ধরে রাখে মৌসুমে অপরাজেয় যাত্রা। সেই আত্মবিশ্বাসে বেনফিকার বিপক্ষে নেমে পুরো ম্যাচে বলতে গেলে কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি সিমেওনের দল।

বল দখলে দুই দল কাছাকাছি অবস্থানে থাকলেও, আক্রমণে একচেটিয়া আধিপত্য করে বেনফিকা। ম্যাচ পরিসংখ্যানে যা পরিষ্কার ফুটে উঠেছে। বেনফিকা ১৯ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে, যার মধ্যে সফল চারটিতে একে একে গোল করেন কেরেম আখতুরকোলু, আনহেল দি মারিয়া, আলেকজান্ডার বাহ ও অরকুন কোকচু। আর আতলেতিকো শটই নিতে পারে কেবল চারটি, এর একটিও লক্ষ্যে ছিল না।

ব্যবধান হতে পারতো আরও বড়, তবে আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের দুর্দান্ত কিছু সেভে সেটা আর হয়নি।

দলের এমন বাজে পারফরম্যান্স এবং গোলবন্যায় ভেসে যাওয়ার পর, আত্মবিশ্বাসী কণ্ঠে সিমেওনে শোনালেন ঘুরে দাঁড়ানোর আশাবাদ।

“আমি সবসময় ইতিবাচকভাবে ভাবতে চাই এবং আমি মনে করি, এখান থেকে উন্নতি করার এটা দারুণ এক সুযোগ। আমরা খুব ভালো করছিলাম, আজ অবশ্য আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারি, তবে আমরা এগিয়ে যাব।”

“আমরা খারাপ খেলেছি। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা ভালো খেলিনি, বদলি খেলোয়াড়রা আমাদের খেলায় সেই স্ফুলিঙ্গটা দিতে পারেনি, অন্যসময় তারা যেটা করে থাকে। আমরা খারাপ খেলেছি, তারা ভালো করেছে এবং আমাদের এটা মানতে হবে।”

এবারই শুরু হয়েছে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ। লিগ পর্বে লাইপজিগকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল আতলেতিকো। দুই রাউন্ড শেষে আরও অনেক দলের সমান ৩ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানের হিসাবে ২৩ নম্বরে আছে মাদ্রিদের দলটি।