ফরেস্টের সঙ্গে সিটির ড্র 'গ্রহণযোগ্য নয়'
তিন পয়েন্ট না পেয়ে আক্রমণের পাশাপাশি রক্ষণেরও দায় দেখছেন ইংলিশ ডিফেন্ডার।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ দিকে গোল খেয়ে বসে ম্যানচেস্টার সিটি। তিন পয়েন্টের আশায় মাঠে নেমে ব্যর্থ হওয়ায় ভীষণ হতাশ কাইল ওয়াকার। ম্যানচেস্টারের ক্লাবটির এই ডিফেন্ডার আত্মসমালোচনায় বললেন, দল হিসেবে তাদের পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না।
প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে আর্সেনালকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছিল সিটি। শনিবার দিনের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শীর্ষস্থান পুনরদ্ধার করে আর্সেনাল। পরে ফরেস্টকে হারাতে পারলে আবারও শীর্ষে উঠত সিটি; কিন্তু ড্র করে দুইয়ে আছে তারা।
ফরেস্টের মাঠে প্রথমার্ধে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি। তারা আক্রমণের ধারা বজায় রাখে দ্বিতীয়ার্ধেও। ৫৩তম মিনিটে কাছ থেকে এমেরিক লাপোর্তের হেড দারুণ নৈপুণ্যে ফিরিয়ে স্বাগতিকদের আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক কেইলর নাভাস।
৬৮তম মিনিট থেকে দুটি সুযোগ নষ্ট করেন আর্লিং হলান্ড। প্রথমে তার প্রচেষ্টা লাগে ক্রসবারে, এরপর বল উড়িয়ে মারেন নরওয়ের এই স্ট্রাইকার। শেষে ৮৪তম মিনিটে সিটিকে হতাশায় ডুবিয়ে সমতা টানেন ক্রিস উড। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা আর্সেনাল।
ফরেস্ট ম্যাচের পর ওয়াকার বলেন, সুযোগগুলো কাজে না লাগাতে পারার মাশুল দিতে হয়েছে তাদের।
“আমরা এখানে দুটি পয়েন্ট হারালাম। গোলের সামনে আমাদের যত সুযোগ ছিল - (তা কাজে লাগাতে) আমাদের আরও ভালো করতে হত। আক্রমণে আমাদের যে মানের খেলোয়াড় আছে, তাতে আমাদের সুযোগগুলো কাজে লাগানো এবং তাদের (ফরেস্টকে) পেছনে ফেলা উচিত ছিল।”
“আমরা জানি, যা হলো তা গ্রহণযোগ্য নয়। আমি হতাশায় ভেঙে পড়ছি না, কিন্তু আমরা গত কয়েক বছরে নিজেদের এত উঁচু মানদন্ড নির্ধারণ করেছি যে এখানে ব্যবধান ৪ বা ৫-০ হওয়া উচিত ছিল। তবে এই ম্যাচ শেষ হয়ে গেছে এবং আমরা পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।”
গোল মিস করা আক্রমণভাগের ব্যর্থতা তো আছেই, তবে জিততে না পারায় রক্ষণেরও দায় দেখছেন ওয়াকার।
“আমি কাউকে দোষারোপ করছি না। স্ট্রাইকারদের যদি ভাগ্য সহায় না হয় বা গোল না করতে পারে, তাহলে রক্ষণাত্মক ইউনিট হিসেবে আমাদের ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হবে এবং তিনটি পয়েন্ট নিশ্চিত করতে হবে।”
সিটিকে রুখে দিয়ে নিজেদের মাঠে টানা ৮ ম্যাচে অপরাজিত থাকল ফরেস্ট। ২৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে দলটি।
