রেয়ালের চোট সমস্যার দায় ঠাসা সূচিকে দিলেন আনচেলত্তি
মৌসুমে ম্যাচের সংখ্যা কমিয়ে প্রতিযোগিতাগুলোকে আরও রোমাঞ্চকর করার পরামর্শ দিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ।
মৌসুম শুরু হতে না হতেই চোটে একের পর এক ফুটবলার হারাচ্ছে রেয়াল মাদ্রিদ। সেই তালিকায় নতুন সংযোজন ব্রাহিম দিয়াস। এর জন্য বিশ্ব ফুটবলের ঠাসা সূচিকে কাঠগড়ায় তুলেছেন স্প্যানিশ ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি।
গত শনিবার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন দিয়াস। কিন্তু ২৫ মিনিট পরই তাকে তুলে নেয় রেয়াল। পরে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় ডান পায়ের পেশির চোটে ভুগছেন মরক্কোর এই ফরোয়ার্ড।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের খবর, সেরে উঠতে দুই মাসের বেশি সময় লাগবে ২৫ বছর বয়সী দিয়াসের। তবে তাকে আরও দ্রুত পাওয়ার আশা করছে রেয়াল।
চোটের কারণে গত কয়েকটি ম্যাচে জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, এদের মিলিতাওকে পায়নি রেয়াল। স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ইউরোপের সফলতম দলটি। ম্যাচটিতে এই তিনজনকে পাওয়ার আশায় আছেন আনচেলত্তি।
গুরুত্বপূর্ণ কয়েকজনকে নিয়ে স্বস্তির সংবাদ শোনা গেলেও রেয়ালের চোটে থাকা খেলোয়াড়ের তালিকা এখনও অনেক লম্বা। যার দায় আনচেলত্তি দিয়েছেন মৌসুম জুড়ে ঠাসা সূচিকে।
“(দল সাজানো নিয়ে) কী করা যায় আমরা সেটা নিয়ে ভেবেছি। কিন্তু সমস্যার সমাধান (চোট সমস্যা) আমাদের হাতে নেই। সমস্যাটা হলো ঠাসা সূচি। এখন আমরা নতুন ঘরানার প্রতিযোগিতায় (চ্যাম্পিয়ন্স লিগ) খেলছি। জানি না এটা কেমন হবে, আরও বিনোদনমূলক হবে কিনা; কিন্তু একটা ব্যাপার হলো আমাদের বাড়তি দুটি ম্যাচ খেলতে হবে।”
“আমি ম্যাচের সংখ্যা কমানোর বিষয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছি, যাতে প্রতিযোগিতাগুলো আরও আকর্ষণীয় হয়।”
