২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপে-ভিনিসিউসের গোলে বার্সেলোনার পাশে রেয়াল মাদ্রিদ

তবে রেয়াল মাদ্রিদকে তাদের মাঠেই ঘাম ছুটিয়ে দিয়েছে রায়ো ভাইয়েকানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 11:23 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

চার মিনিটের মধ্যে দুই গোল করার পরই যেন খেই হারিয়ে ফেলল রেয়াল মাদ্রিদ। সেই সুযোগে মরিয়া হয়ে আক্রমণ শুরু করল রায়ো ভাইয়েকানো। বিরতির আগে একটি গোলও পেয়ে গেল তারা। কিন্তু অনেক চেষ্টা করেও আরেকটির দেখা আর পেল না। দ্বিতীয়ভাগে ধারহীন ফুটবল খেললেও স্বস্তির জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই তাদের গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র। সফরকারীদের একমাত্র গোলটি পেদ্রো দিয়াসের।

ভাইয়েকানোর বিপক্ষে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল রেয়াল মাদ্রিদ। লিগে তাদের আগের তিনটি মুখোমুখি লড়াই-ই ড্র হয়েছিল।

চলতি মাসের প্রথম দিনে রেয়াল বেতিসের মাঠে ২-১ গোলে হেরেছিল রেয়াল। একই ব্যবধানে জিতে পথে ফিরল তারা। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিরেছে দলটি।

এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে শীর্ষে।

এবারও চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দিয়েছে ভাইয়েকানো। প্রথমার্ধে রেয়াল মাদ্রিদ পজেশন রাখায় এগিয়ে থাকলেও বিরতির পর পাল্টে যায় চিত্র। আর গোলে শট নেওয়ার হিসেবে তো দুই ভাগেই আধিপত্য করে ভাইয়েকানো।

রেয়াল ১০ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি। সেখানে ভাইয়েকানোর ২০ শটের ছয়টি ছিল লক্ষ্যে।

লক্ষ্যে প্রথম প্রচেষ্টাও রাখতে পারে ভাইয়েকানো। কর্নারে স্প্যানিশ ডিফেন্ডার আরিদানে এর্নান্দেসের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়।

কিছুক্ষণ পর কয়েক সেকেন্ডের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রেয়াল মাদ্রিদ। চতুদর্শ মিনিটে ভিনিসিউসের দূর থেকে নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক, তার হাত ছুঁয়ে বল পোস্টে বাধা পায়। ফিরতি বল পেয়ে দুর্বল শট নেন এমবাপে, সেটা অনয়াসেই ঠেকান আগুস্তো।

আন্দ্রি লুনিনের নৈপুণ্যে ২৭তম মিনিটে বেঁচে যায় রেয়াল। আন্দ্রেই রাচিউয়ের কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান ইউক্রেইনের গোলরক্ষক। খানিক বাদে চার মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৩০তম মিনিটে দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন এমবাপে। লা লিগায় অভিষেক মৌসুমে তার গোল হলো ১৮টি। তার চেয়ে তিনটি বেশি নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনার রবের্ত লেভানদোভস্কি।

প্রায় একক নৈপুণ্যে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস। মদ্রিচের পাস ধরে বক্সে ঢুকে প্রথমে শট নেওয়ার জায়গা করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। বল পায়ে মাথা ঠান্ডা রেখে বক্সের বাইরে বেরিয়ে যান, দুজনের মধ্যে দিয়ে আবার ডি-বক্সে ঢুকে আরেকজনকে ফাঁকি দিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

দুই গোলে এগিয়ে থেকে রেয়ালের বিরতিতে যাওয়ার আশায় চোট লাগে শেষ মুহূর্তে। যোগ করা সময়ে দিয়াসের বুলেট গতির শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে পরে বেরিয়ে আসে। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

প্রথমার্ধে গোলের জন্য বেশি শট নেওয়া ভাইয়েকানো বিরতির পরও আত্মবিশ্বাসী শুরু করে। বিপরীতে রেয়ালের খেলোয়াড়দের পায়ে যেন ক্লান্তি ভর করে। গতি ফেরাতে ৬৮তম মিনিটে একটি পরিবর্তন আনেন আনচেলত্তি; রদ্রিগোকে তুলে নামান ফেদে ভালভের্দেকে।

এর মিনিট দশেক পর এমবাপেকে এবং তার খানিক পর জুড বেলিংহ্যামকেও তুলে নেন কোচ, বদলি নামেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াসকে। তবে কোনো কিছুতেই রেয়ালের খেলায় আর গতি ফেরেনি।

৭৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর পরিষ্কার একটা সুযোগ অবশ্য পেয়েছিলেন ভিনিসিউস। কিন্তু মদ্রিচের বাঁ দিক থেকে বাড়ানো বল দারুণ পজিশনে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।

এই হারের পর ২৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ভাইয়েকানো।

দিনের শুরুতে আতলেতিকো মাদ্রিদের সামনে সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু গেতাফের মাঠে হেরে গেছে দিয়েগো সিমেওনের দল। তিনে নেমে যাওয়া দলটির ২৭ ম্যাচে পয়েন্ট ৫৬।