মেসি-রোনালদোর পাশে বসে আনন্দের শেষ নেই লেভানদোভস্কির
চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করতে পারবেন, কল্পনাতেও কখনও ছিল না বার্সেলোনার পোলিশ তারকার।
চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি এতদিন ছিল কেবল ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। অভিজাত সেই ক্লাবে ফুটবল ইতিহাসের দুই গ্রেটের সঙ্গী হতে পেরে ভীষণ খুশি রবের্ত লেভানদোভস্কি।
চলতি মৌসুমে একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন লেভানদোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষেও জোড়া গোল করেছেন তিনি। যার প্রথমটি ছিল ইউরোপ সেরা মঞ্চে বার্সেলোনা তারকার শততম গোল।
ঘরের মাঠে মঙ্গলবার ফরাসি ক্লাব ব্রেস্তকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে অন্য গোলটি করেন দানি ওলমো।
ম্যাচের দশম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ৩৬ বছর বয়সী এই পোলিশ তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে এখন লেভানদোভস্কির গোল সংখ্যা ১০১। বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার হয়ে গোলগুলো করেছেন তিনি। চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় তার গোল ৫ ম্যাচে ৭টি।
ইউরোপ সেরার প্রতিযোগিতার রেকর্ড গোলদাতা পর্তুগিজ তারকা রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে ১৪০ গোল করেছেন তিনি। আর বার্সেলোনা ও পিএসজির জার্সিতে ১২৯ গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা মেসি।
ব্রেস্তের বিপক্ষে ম্যাচ শেষে লেভানদোভস্কি মুভিস্টার প্লাসকে বলেন, চ্যাম্পিয়ন্স লিগে এত গোল করবেন, কখনও ভাবেননি তিনি।
“আমি খুব খুশি, অনেক খুশি। চ্যাম্পিয়ন্স লিগে ১০১ গোল, চমৎকার একটি সংখ্যা। কখনো ভাবিনি যে, চ্যাম্পিয়ন্স লিগে এত গোল করতে পারব। মেসি ও রোনালদোর পাশে বসব…তারা চমৎকার ফুটবলার, তাই নয় কি?”
লা লিগায় সবশেষ দুই ম্যাচে জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই ছন্দে আছে বার্সেলোনা। ৩৬ দলের টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে তারা।
