২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও ‘সেরা ম্যাচগুলোর একটি’ খেলার তৃপ্তি রিয়াল কোচের

নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল না পাওয়ার হতাশাও আড়াল করেননি কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 04:15 PM

Updated : 30 Jan 2023, 04:15 PM

আক্রমণের ঝড় তুলে, প্রতিপক্ষকে পুরোটা সময় কোণঠাসা করে রেখেও জয় মেলেনি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়েছে দল। তারপরও কার্লো আনচেলত্তি খুশি! দলের নিবেদন, জয়ের জন্য মরিয়া হয়ে ওঠার মানসিকতা দেখে মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি খেলার তৃপ্তি অনুভব করছেন রিয়াল মাদ্রিদ কোচ।

লা লিগায় রোববার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ শাণালেও আলেক্স রেমিরোর দেয়াল ভাঙতে পারেননি করিম বেনজেমা-ভিনিসিউস জুনিয়রদের কেউ। তাতে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল।

বের্নাবেউ থেকে সোসিয়েদাদের পয়েন্ট নিয়ে ফেরার নায়কদের একজন রেমিরো। এই গোলরক্ষক সাতটি সেভ করেছেন, যা চলতি মৌসুমের লিগে এক ম্যাচে সর্বোচ্চ সেভের কীর্তি। এর মধ্যে ভিনিসিউসেরই তিনটি দারুণ আক্রমণ দুর্দান্তভাবে আটকান রেমিরো।

এত প্রচেষ্টার পরও জালের দেখা না পাওয়ার হতাশা আছে আনচেলত্তির। ভাগ্যকে একটু পাশে না পাওয়ার আক্ষেপও আছে। তবে রিয়াল কোচ তৃপ্তি খুঁজে নিচ্ছেন দলের খেলার ধরণে, ডাকাবুকো মানসিকতার মধ্যে।

“জয় না পাওয়াটা হতাশাজনক। কেননা, আমরা খুবই ভালো খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল। আমরা পরিপূর্ণ পারফরম্যান্স করলাম, এ মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি, কিন্তু ভাগ্যকে কোনোভাবে পাশে পেলাম না।”

“দল উন্নতি করছে এবং বেড়ে উঠছে। শারীরিকভাবে আমরা এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছি। যারা চোট পেয়েছিল, তারা ফিরছে এবং সামনের কয়েক মাসের জন্য আমরা (ভালো করার) আত্মবিশ্বাস পাচ্ছি।”

রিয়ালের আক্রমণের সিংহভাগের সৃষ্টি ভিনিসিউসের পা থেকে। এই ব্রাজিলিয়ানের ২১টি ড্রিবলিং ২০০৫-০৬ মৌসুম থেকে অপটার রাখা পরিসংখ্যান অনুযায়ী লা লিগায় এক ম্যাচ সর্বোচ্চ। দানি সেবাইয়োস পজিশন বদলে মিডফিল্ডে খেলে ছড়িয়েছেন আলো। এদুয়ার্দো কামাভিঙ্গা লেফট-ব্যাকে তার পারদর্শিতা দেখিয়েছেন। মেলেনি কেবল গোলের দেখা। তারপরও সন্তুষ্ট আনচেলত্তি।

“বল পায়ে এবং ছাড়া আমরা খুবই ভালো করেছি এবং আমাদের গোল করতে হত, সেটা করার খুব কাছাকাছিও এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ড্র হলো। তবে আমি খুশি, কেননা, দল খুবই ভালো খেলেছে।”

“দারুণ নিবেদন নিয়ে পুরো ৯০ মিনিট আমরা চাপ দিয়েছি। রিয়াল সোসিয়েদাদ তাদের মতো খেলেনি; কেননা, আমরা অনেক উপরে উঠে প্রেসিং ফুটবল খেলছিলাম।”

ভিনিসিউসকে তো বটেই, সেবাইয়োস, ফেদে ভালভেরদে, কামাভিঙ্গাদের প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। কিন্তু শেষ পর্যন্ত গোল না পাওয়ার আফসোস ঠিকই ঝরল এই ইতালিয়ান কোচের কণ্ঠে।

“সেবাইয়োস ও ভালভেরদে ভীষণ ভালো খেলল; কামাভিঙ্গা ভালো করল, মান ও প্রাণশক্তির কারণে সে আমাদের জন্য একটা বিকল্প অস্ত্র, সে ওই পজিশনে (রক্ষণে) খেলতে অভ্যস্ত নয়। ভিনিসিউসও অনেক সুযোগ তৈরি করল।”

“ম্যাচটা ভালো ছিল, কিন্তু গোল পেলাম না…এখন আমরা পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছি এবং আমাদেরকে সেটা তাড়া করতে হবে।”

১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।

লা লিগায় পরের ম্যাচে বৃহস্পতিবার ভালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল।