সিটির বিপক্ষে বায়ার্নের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ
কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে শততম জয় থেকে এক ধাপ দূরে আছেন পেপ গুয়ার্দিওলা।
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে টমাস টুখেলের দলের জন্য তাই অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই জার্মানের কোচিংয়ের দলের বিপক্ষে সবশেষ তিন ম্যাচেই জয় পেয়েছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। আসছে ম্যাচেও সম্ভাবনায় এগিয়ে রাখা হচ্ছে তার দলকেই।
চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের শেষ আটের ম্যাচটি হবে বুধবার, আলিয়াঞ্জ অ্যারেনায়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
হাইভোল্টেজ ম্যাচটিকে ঘিরে তুলে ধরা হলো গোল ডটকমের দেওয়া কিছু পরিসংখ্যান।
>> চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সবশেষ দুই সাক্ষাতেই হেরেছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ ক্লাবটির সঙ্গে এই প্রথম টানা দুই ম্যাচ হারের তেতো স্বাদ পেয়েছে জার্মান দলটি। যেখানে ইংলিশ দলটির বিপক্ষে প্রথম পাঁচ ম্যাচে সমান সংখ্যক ম্যাচ হেরেছিল বায়ার্ন (জয় ৩, হার ২)।
>> ইউরোপ সেরার মঞ্চে জার্মান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ ২০ ম্যাচের মাত্র একটিতে হেরেছে সিটি (জয় ১৬, ড্র ৩)। তাদের একমাত্র পরাজয়টি ২০২১-২২ মৌসুমে গ্রুপ পর্বে, লাইপজিগের বিপক্ষে। নকআউট পর্বে বুন্ডেসলিগার ক্লাবগুলোর বিপক্ষে ৯ ম্যাচে অপরাজিত আছে সিটি (জয় ৮, ড্র ১)।
>> চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ৩ বা তার বেশি গোলে পিছিয়ে থেকে দুই লেগের লড়াইয়ে পঞ্চম দল হিসেবে জেতার লক্ষ্যে মাঠে নামবে বায়ার্ন। এর আগে তা করে দেখিয়েছে ২০০৩-০৪ মৌসুমে দেপোর্তিভো দে লা করুনা (৫-৪, প্রতিপক্ষ এসি মিলান), ২০১৬-১৭ মৌসুমে বার্সেলোনা (৬-৫, প্রতিপক্ষ পিএসজি), ২০১৭-১৮ মৌসুমে রোমা (৪-৪, প্রতিপক্ষ বার্সেলোনা, অ্যাওয়ে গোলে এগিয়ে জয়ী রোমা), ২০১৮-১৯ মৌসুমে লিভারপুল (৪-৩, প্রতিপক্ষ বার্সেলোনা)।
>> ২০২০-২১ মৌসুমে টমাস টুখেলের চেলসির বিপক্ষে টানা তিন ম্যাচ হেরেছিল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি, এর মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। এরপর থেকে টুখেলের কোচিংয়ের দুটি দলের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতেছেন সাবেক বার্সেলোনা কোচ গুয়ার্দিওলা। এই ম্যাচগুলোতে কোনো গোলও হজম করেনি সিটি (২০২১-২২ মৌসুমে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে দুই দফায় ১-০ ও চলতি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে জয়)।
>> চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উভয় লেগেই এখন পর্যন্ত দুই বার হেরেছে বায়ার্ন; দুই বারই প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ (২০১৩-১৪ মৌসুমে সেমি-ফাইনাল ও ২০১৬-১৭ মৌসুমে কোয়ার্টার-ফাইনাল)। এই প্রতিযোগিতায় দুই লেগ মিলিয়ে বায়ার্নের সবচেয়ে বড় হার ছিল ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের কাছে (৫-০)। ওই সময়ে বায়ার্নের কোচ ছিলেন পেপ গুয়ার্দিওলা।
>> চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় কোচ হিসেবে ১০০ জয় পেতে পেপ গুয়ার্দিওলার চাই আর একটি। এখন পর্যন্ত এই কীর্তি রয়েছে কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন ও কার্লো আনচেলত্তির। ১০০ জয় পেতে ফার্গুসনের লেগেছিল ১৮৪ আর আনচেলত্তির ১৮০ ম্যাচ। বায়ার্নের বিপক্ষে জয় পেলে গুয়ার্দিওলা মাইলফলকটি স্পর্শ করবেন ১৫৮ ম্যাচে।
>> চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোল করেছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। প্রতিযোগিতাটিতে এক মৌসুমে যা এই তারকা স্ট্রাইকারের সর্বোচ্চ গোল। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে গোলের দিক থেকে হলান্ডের ওপরে আছেন কেবল সাবেক ফরোয়ার্ড রুদ ফন নিস্টলরয় (২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১২ গোল)।
>> চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত ১০টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন বায়ার্নের লেরয় সানে। এই সময়ে ক্লাবটির আর কোনো খেলোয়াড় এই ফরোয়ার্ডের চেয়ে বেশি সরাসরি গোলে অবদান রাখতে পারেননি (মোট ১৭টি)।
