২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটকে পড়া ডে ব্রুইনের বিকল্প চাই গুয়ার্দিওলার

তবে নতুন খেলোয়াড় দলে টানার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ গুনতে চান না ম্যানচেস্টার সিটি কোচ।

ছিটকে পড়া ডে ব্রুইনের বিকল্প চাই গুয়ার্দিওলার

পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 04:44 PM

Updated : 19 Aug 2023, 04:45 PM

মৌসুমের শুরুতেই কেভিন ডে ব্রুইনেকে লম্বা সময়ের জন্য হারানো ম্যানচেস্টার সিটির শক্তিতে বড় শূন্যতা তৈরি করেছে। এই ঘাটতি পূরণে নতুন খেলোয়াড় দলে টানার প্রয়োজন দেখছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথম হ্যামস্ট্রিংয়ের চোট পান ডে ব্রুইনে। মাঠে ফেরেন চলতি মাসের শুরুতে, কমিউনিটি শিল্ড ম্যাচ দিয়ে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে ফের হ্যামস্ট্রিং চোট পান ৩২ বছর বয়সী তারকা। চোট পুরোপুরি সারিয়ে তুলতে তার অস্ত্রোপচার করা হয়েছে।

এই বছরে বেলজিয়ান মিডফিল্ডারের মাঠে ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই। গুয়ার্দিওলা নিজেই বলেছেন, কমপক্ষে তিন থেকে চার মাস বাইরে থাকতে হতে পারে ডে ব্রুইনেকে।

ডে ব্রুইনের মাপের একজন খেলোয়াড়কে দীর্ঘ সময় না পাওয়া সিটির জন্য অনেক বড় চিন্তার কারণ। দীর্ঘদিন ধরেই দলটির খুব গুরুত্বপূর্ণ সদস্যের একজন তিনি। সবশেষ মৌসুমেও ক্লাবটির 'ট্রেবল' জয়ে অসামান্য অবদান ছিল তার।

সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মৌসুমে ১০ গোল ও ৩১টি অ্যাসিস্ট করেন ডে ব্রুইনে। নজরকাড়া এই পারফরম্যান্সের জন্য উয়েফা বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

চলতি দলবদলে ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাচিচ এবং প্রায় ৯ কোটি ৮০ লাখ ডলারে তার স্বদেশি ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওলকে দলে টেনেছে সিটি। তবে ডে ব্রুইনে চোট পাওয়ায়, এখন নতুন খেলোয়াড় প্রয়োজন তাদের।

ইংলিশ চ্যাম্পিয়ন সিটির পরবর্তী ম্যাচ শনিবার, বাংলাদেশ সময় রাত ১টায়। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বললেন, দলের শক্তি বাড়াতে কাজ করছেন তারা।

“আমাদের কী করতে হবে, তা নিয়ে আমরা (সিটির ফুটবল পরিচালক) চিকির (বেগিরিস্তাইন) সঙ্গে অনেক আলোচনা করছি, হয়তো আমাদের নতুন কাউকে দলে যোগ করতে হবে।”

“আমি ছোট স্কোয়াড পছন্দ করি৷ কিন্তু কেভিনের চোট চিন্তাভাবনা বদলে দিয়েছে৷ সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং বিষয়টি এক বা দুই সপ্তাহের নয়। চার বা পাঁচ মাসের ব্যাপার। তাই আমাদের স্কোয়াডের দিকে নজর দিতে হবে এবং আমাদের করনীয় নিয়ে নিয়ে ভাবতে হবে।”

এই দলবদলে সিটি ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। আক্রমণে তাই নতুন নাম যোগ করতে চাইলেও সেজন্য খুব বেশি অর্থ গুনতে চান না গুয়ার্দিওলা।

“আমাদের দেখতে হবে- দলবদলের বাজারে সবকিছু কেমনভাবে এগোয় এবং ন্যায্য মূল্যে আমরা (সঠিক) খেলোয়াড় নিতে পারি কিনা।”

“আমরা (হ্যারি) ম্যাগুইয়ারকে দলে চেয়েছিলাম, কিন্তু তাকে কিনি নাই, কারণ আমরা খরচ করতে চাইনি। আমরা (মার্ক) কুকুরেইয়াকে চেয়েছিলাম, তাকেও কিনিনি। আমরা আলেক্সিস সানচেসকেও চেয়েছিলাম এবং সেখানেও অর্থ খরচ করিনি। শেষ পর্যন্ত আমরা ওই পরিমাণ অর্থই খরচ করব, যা আমাদের কাছে ন্যায্য মনে হবে। আর নয়তো আমাদের তো একাডেমি আছে।”