২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামের গোলের ধারাবাহিকতায় ‘অবাক’ আনচেলত্তি

ক্লাসিকোয় জোড়া গোল করে দলকে জেতানোর পর ইংলিশ মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন রেয়াল মাদ্রিদ কোচ।

বেলিংহ্যামের গোলের ধারাবাহিকতায় ‘অবাক’ আনচেলত্তি

রেয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে জুড বেলিংহ্যামের গোল এখন ১৩টি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 12:54 AM

Updated : 29 Oct 2023, 12:54 AM

রেয়াল মাদ্রিদের আরেকটি ম্যাচ, আবারও উজ্জ্বল জুড বেলিংহ্যাম। পিছিয়ে পড়েও ক্লাসিকোয় দলের জয়ের নায়ক তিনিই। ম্যাচের পর তরুণ ইংলিশ মিডফিল্ডারকে আরও একবার প্রশংসায় ভাসালেন কোচ কার্লো আনচেলত্তি। বললেন, গোলের সামনে বেলিংহ্যামের এমন ধারাবাহিক পারফরম্যান্সে বিস্মিত দলের সবাই।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় শনিবার লা লিগায় বার্সেলোনাকে তাদের মাঠেই ২-১ গোলে হারায় রেয়াল। মাদ্রিদের দলটির দুটি গোলই করেন বেলিংহ্যাম।

ইলকাই গিনদোয়ানের গোলে শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ৬৮তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে রেয়ালকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এরপর যোগ করা সময়ে কাছ থেকে জয়সূচক গোলটি করেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

এই মৌসুমেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে আসা বেলিংহ্যামের লা লিগায় ১০ ম্যাচে গোল হলো ১০টি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ১৩ ম্যাচে তার গোল ১৩টি, এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তিনটি। সঙ্গে অ্যাসিস্ট আছে তিনটি। শুধু তিন ম্যাচে জালের দেখা পাননি তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের পরিণত বোধের প্রশংসা করেন আনচেলত্তি।

“তার (বেলিংহ্যাম) মানসিকতার কারণে তাকে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মতো মনে হচ্ছে। আমাদের জন্য কঠিন এই ম্যাচে তার প্রথম গোলটি খেলার গতিশীলতা পুরোপুরি বদলে দিয়েছে। অস্বীকার করব না, আমরা সবাই তার ফর্মে বিস্মিত, বিশেষ করে তার খেলার স্তর এবং কার্যকারিতা নিয়ে। সে মাঠের সবখানেই থাকে। আজ সে অদম্য ছিল এবং অনেকটা দূর থেকে তার দুর্দান্ত গোল সবাইকে চমকে দিয়েছিল।”

"বেলিংহ্যাম এই মৌসুমে সহজেই ২০ বা ২৫ গোল করতে পারে। যদিও আমরা তাকে গোল স্কোরার হিসেবে দেখি না। এই মুহূর্তে সে অনেক গোল করছে, কিন্তু আমরা স্ট্রাইকারদের কাছ থেকেও গোল আশা করছি।”