২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হারে ভেঙে পড়েনি বাংলাদেশ বরং এখন আরও বেশি অনুপ্রাণিত’

মালদ্বীপের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম‍্যাচের আগে কেবল ইতিবাচক দিক নিয়েই ভাবছেন হাভিয়ের কাবরেরা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 09:41 PM

Updated : 23 Jun 2023, 09:41 PM

হল ক্লাব মাঠের এক কোণে সিঁড়িতে বসলেন খেলোয়াড়রা। সহকর্মীদের নিয়ে তাদের সামনে দাঁড়ালেন হাভিয়ের কাবরেরা। শ্রেণি কক্ষের আবহ তৈরি হলো সেখানে। খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বললেন কাবরেরা, দূর থেকে শোনা গেল না। তবে, বুঝতে বাকি থাকল না, লেবানন ম্যাচের দুঃস্বপ্ন ভুলে আড়মোড় ভেঙে জেগে ওঠার বার্তাই দিয়েছেন কোচ। 

ছোট্ট ওই মিটিংয়ের পর শুরু হলো মালদ্বীপ ম্যাচের প্রস্তুতি। লেবানন ম্যাচে যার ভুলে প্রথম গোলটি হজম করা, সেই ডিফেন্ডার কাজী তারিক রায়হান দূর থেকে পোস্ট লক্ষ্য করে শট নিলেন, বল উড়ে গেল ক্রসবারের উপর দিয়ে। একই জায়গা থেকে শট নিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, বল জালে জড়ালে হাততালি বেজে উঠল চারদিকে। 

বেঙ্গালুরুর মূল শহরের মধ্যে হলেও হল ক্লাবের পরিবেশ সবুজে ঘেরা। টার্ফ, সুইমিং পুল, ক্রিকেটের অনুশীলনের জন্য ছোটখাট ব্যবস্থা, অনেক কিছুই আছে ক্লাবের আঙিনায়। ভারতের তারকা খেলোয়াড় বাইচুং ভুটিয়ার ফুটবল স্কুলও চলছে এখানেই। ৩৭০ জন শিশু-কিশোর ফুটবলের পাঠ নিতে আসে প্রতিদিন। এই টার্ফেই মালদ্বীপ ম্যাচের প্রস্তুতি শুক্রবার নিয়েছেন জামাল-জিকোরা। 

২-০ গোলে হেরে আসা লেবানন ম্যাচের মূল একাদশে থাকাদের রিকভারি সেশন হয়েছে বেশি। বাকিদের নিয়ে চলেছে অনুশীলন। এক ঘণ্টার প্রস্তুতিতে খোশ মেজাজেই দেখা গেছে খেলোয়াড়দের। অনুশীলন শেষে ড্রেসিংরুমে হৈ-হুল্লোড়েও মেতে থেকেছেন তারা। 

এই আবহের মধ্যেও লেবানন ম্যাচের হারের বিষাদের উপস্থিতি টের পাওয়া গেল। কোচ, খেলোয়াড়, দলের সঙ্গে আসা কর্মকর্তাদের মুখে ঘুরেফিরে এলো হঠাৎ খেই হারিয়ে দারুণ সম্ভাবনা গুঁড়িয়ে যাওয়ার আক্ষেপের কথা। 

কিন্তু এখন আর লেবানন ম্যাচ নিয়ে পড়ে থাকার সময় নেই বাংলাদেশের। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আগামী রোববার সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে দলকে। সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততে হবে। 

ভূটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজটুকু এগিয়ে রেখেছে মালদ্বীপ। বাংলাদেশ এখনও দুলছে আশা-শঙ্কার দোলুনিতে। যদিও প্রস্তুতি শেষে কোচ কাবরেরা বরাবরের মতোই ইতিবাচক থাকার কথা বললেন।

“আমরা হতাশ, কেননা লেবাননের বিপক্ষে ব্যর্থ হয়েছি। গুরুত্বপূর্ণ কিছু অর্জনের খুব কাছাকাছি ছিলাম; এমনকি ৩ পয়েন্টও পেতে পারতাম। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগও পেয়েছিলাম। এত কাছাকাছি এসেও কিছু না পাওয়া অবশ্যই অনেক হতাশার। কিন্তু এখন সময় গতকালের ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নেওয়া। কেননা, গত ম্যাচের ফল নিয়ে এখন আর আমাদের পড়ে থাকলে চলবে না। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম দলের বিপক্ষে আমরা খেলেছি, ম্যাচটি আমাদের মালদ্বীপ ও ভূটানের বিপক্ষে ম্যাচের জন্য যথেষ্ট প্রাণশক্তি জোগাবে।” 

“একই মনোযোগ নিয়ে আমরা খেলতে নামব। লেবাননের কাছে হেরে ছেলেরা মানসিকভাবে ভেঙে পড়েনি বরং আরও বেশি অনুপ্রাণিত হয়েছে। ছেলেদের লেবানন ম্যাচ খেলার পরের অভিজ্ঞতা হচ্ছে, তারা এখন গতকালের চেয়ে আরও ভালো হয়ে উঠেছে এবং এই অনুভূতি আমাদেরকে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে অনেক সুযোগ করে দিবে।“ 

ভূটানের জালে দুই গোল দিয়ে একটিও হজম করেনি মালদ্বীপ। অন্যদিকে লেবাননের বিপক্ষে দারুণ সুযোগ নষ্ট করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। আক্রমণভাগে বাংলাদেশের ফরোয়ার্ডদের ব্যর্থতার গল্প অনেক পুরনো। কাবরেরাও মানছেন মালদ্বীপের রক্ষণে কঠিন পরীক্ষা দিতে হবে সুমন রেজা-রাকিব হোসেনদের। 

“মালদ্বীপ দলে বেশ কয়েকজন ভালো মানের ডিফেন্ডার এবং মেধাবী খেলোয়াড় আছে। এ দিকে আমাদের সতর্ক থাকতে হবে। ম্যাচটি দুই দলের জন্য ফিফটি-ফিফটি। দুই দলই শতভাগ পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।” 

“আমি মনে করি, পরিকল্পনাগুলো প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে। প্রতি-আক্রমণ থেকে আমরা সুযোগ তৈরি করতে পারছি। এখন ছেলেদের আরেকটু উপরে উঠতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে। সুযোগগুলো তৈরি করছি আবার ওয়ান অন ওয়ান পজিশনে সেটা মিসও করছি। অবশ্যই এই দিকগুলোতে আমাদের উন্নতি ও কাজ করা দরকার। ম্যাচে নেতিবাচক, ইতিবাচক সব দিকই থাকবে, তবে আমাদেরকে ইতিবাচক দিক নিতে হবে।” 

লেবানন ম্যাচের পর টিম মিটিংয়ে দলকে অতীত ভুলে বর্তমান নিয়ে ভাবার বার্তা দেওয়া হয়েছে বলে জানালেন কাবরেরা। 

“সাধারণত ম্যাচের পর আমরা ছেলেদের বিশ্রাম দেই। যাতে করে ছেলেরা ভাবতে পারে কি হয়েছে এবং পরের দিন মতামত ভাগাভাগি করি কোন জায়গাতে উন্নতি করতে পারি, কতটুকু ভালো খেলেছি, কোন বিষয়টি আমাদের জন্য আরও ভালো হতে পারে, সেগুলো নিয়ে। সৎ এবং ইতিবাচক থেকে বিষয়গুলো আলোচনা করেছি আমরা। ইতিবাচক মিটিং ছিল। দলের বর্তমান অবস্থা হচ্ছে-আগের চেয়ে আরও বেশি ইতিবাচক।”