‘এই ম্যাচে ক্রুসের পা দুটি বেঁধে রাখা হোক’, স্পেন কোচের কৌতুক
ইউরোর কোয়ার্টার-ফাইনালে জার্মানিকে হারাতে হলে টনি ক্রুসকে ম্রিয়মান করে রাখতে হবে, বলছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
জার্মানি দলে ভালো ফুটবলারের তো অভাব নেই। তবে দলের প্রাণভ্রোমরা টনি ক্রুস। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অন্তত এরকমই মনে করেন। তার মতে, ক্রুসকে দমিয়ে রাখতে পারলেই জার্মানিকে হারানোর কাজটা সহজ হয়ে যায়।
এই ইউরো খেলার জন্যই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন ক্রুস। তিনি ফেরার পর জার্মানির খেলার ধারও বেড়ে গেছে অনেকটুকু। ম্যাচের পর ম্যাচ তিনি দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছেন। জার্মানির পারফরম্যান্সেও পার্থক্যটা ফুটে উঠছে স্পষ্ট।
বলার অপেক্ষা রাখে না, শুক্রবার স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালেও জার্মানদের বড় ভরসা থাকবেন ক্রুস। জার্মান কোচের রণপরিকল্পনা থাকবে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে ঘিরেই।
ক্রুস ছন্দে থাকা মানে প্রতিপক্ষের কত বড় বিপদ, এটা তো দে লা ফুয়েন্তে জানেন ভালো করেই। ম্যাচের আগে স্পেন কোচ মজা করে বললেন, “উয়েফার কাছে অনুরোধ, এই ম্যাচে তার দুই পা যেন বেঁধে রাখা হয়!”
এটা তো আর সম্ভব নয় বাস্তবে। তাই নিজেদের করণীয়টুকুও জানেন দে লা ফুয়েন্তে।
“আমরা জানি ক্রুস কী করতে পারে এবং আমরা চেষ্টা করব তাকে দমিয়ে রাখতে এবং যতটা কম সম্ভব পাস যেন সে দিতে পারে। তার কাছাকাছি থাকার চেষ্টা করব, যেন সে বল না পায়। অন্তত আমাদের চেষ্টা থাকবে এটা নিশ্চিত করার, নিজের কাজটা যেন সে স্বস্তিতে করতে না পারে।”
“তার পা যেহেতু বেঁধে রাখতে দেবে না, এই কাজগুলিই তাই আমরা করতে পারি।”
অবসর ভেঙে জাতীয় দলে ফেরা ক্রুস এই ইউরো দিয়ে ফুটবলকে পাকাপাকিভাবেই বিদায় জানাচ্ছেন। চলতি মৌসুম দিয়ে ক্লাব ক্যারিয়ারও তিনি ইতি টানার ঘোষণা দিয়েছেন। স্পেনের বিপক্ষে জার্মানি হেরে গেলে ক্রুসের ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকবে এটি।
স্পেনের কোচ হিসেবে নিজেদের জয়টাই কাম্য দে লা ফুয়েন্তের। তবে ক্রুসের মতো একজন ফুটবলার এই ৩৪ বছর বয়সেই থেমে যাচ্ছেন, তা ঠিক মানতে পারছেন না এই কোচ।
“ক্রুস দুর্দান্ত একজন ফুটবলার। এটা অচিন্তনীয় ব্যাপার যে, সে ফুটবল ছেড়ে দিচ্ছে। খুবই হতাশার ব্যাপার যে এরকম একজন ফুটবলার আর খেলবে না।”
ক্রুস ছাড়াও এই ম্যাচে স্পেনের বড় প্রতিপক্ষ হতে পারে গ্যালারি। ঘরের মাঠে গ্যালারি ভরা দর্শক জার্মানির হয়ে গলা ফাটাবে, প্রেরণা জোগাবে। ফুটবলে এটা অনেক সময়ই পার্থক্য গড়ে দেয়। স্পেন কোচ যদিও এটিোক বড় কিছু মনে করছেন না, এটাকে পাত্তাও দিচ্ছেন না ততটা।
“আমার মনে হয়, এই পর্যায়ের ফুটবলে তথাকথিত ‘হোম অ্যাডভান্টেজ’ বড় কোনো ব্যাপার নয় এবং আমার মনে হয় না, এটার খুব একটা প্রভাব পড়বে।”
“আমাদের অভিজ্ঞ ফুটবলার আছে অনেক। মাঠের আবহ তাই বেশি বৈরী থাকুক বা কম, আমরা সেসবে ভীত হব না। এটা খুবই স্বাভাবিক ফুটবলীয় আবহ, যেটায় আমরা অভ্যস্ত। এসবের কোনো প্রভাব পারফরম্যান্সে পড়বে বলে আমার মনে হয় না।”
বরং ঘরের মাঠে খেলা যে অনেক সময় দুই ধারী তলোয়ার হয়ে উঠতে পারে, সেটি মনে করিয়ে জার্মানিকে যেন পাল্টা চাপ দিতে চাইলেন তিনি।
“আমি আসলে নিশ্চিত নই, ঘরের মাঠে খেলা বাড়তি সুবিধা নাকি উল্টো, কারণ কখনও কখনও এটা তো ঘরের দলের জন্যও চাপও তৈরি করে। কারণ সমর্থকদের প্রত্যাশা প্রবল থাকে এবং যদি সবকিছু তাদের প্রত্যাশামতো না থাকে, তাহলে দর্শকের চাপ আমাদের পক্ষে কাজ কতে পারে।”
“আমরা এই ম্যাচ খেলতে নামব বরাবরের মতোই আনন্দ ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে। এটা ফাইনালের আগে ফাইনাল এবং আশা করি, আমরাই সামনে এগোব।”
