‘বিশ্বকাপের আগে সেরে উঠতে পারে ওয়াকার-ফিলিপস’
বৈশ্বিক আসরের আগে ইংল্যান্ডের এই দুই ফুটবলারের চোট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
চোটের কারণে বাইরে থাকায় কাইল ওয়াকার ও কেলভিন ফিলিপসের বিশ্বকাপে খেলা নিয়ে আছে সংশয়। তবে ইংল্যান্ডের এই দুই ফুটবলারকে নিয়ে স্বস্তির খবর দিলেন তাদের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। বৈশ্বিক আসরের আগে দুজনই সেরে উঠবেন বলে আশাবাদী তিনি।
গত অক্টোবরের শুরুতে কুঁচকির অস্ত্রোপচার করা হয় ডিফেন্ডার ওয়াকারের। আর কাঁধের সমস্যায় মাঠের বাইরে আছেন মিডফিল্ডার ফিলিপস। বিশ্বকাপের বাকি নেই আর তিন সপ্তাহও।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলবে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করা সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে ফিলিপস ও ওয়াকারের চোটের বর্তমান অবস্থা তুলে ধরেন গুয়ার্দিওলা। ইংল্যান্ড কোচ গারেথ সাউথগেট নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
“যেভাবে তারা সেরে উঠছে তাতে মনে হচ্ছে সম্ভবত (বিশ্বকাপে জন্য তারা প্রস্তুত হতে পারবে)।
“গ্যারেথের ভাবনা সম্পর্কে আমি জানি না। তিনি নিয়মিত খেলোয়াড় ও চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। (সেরে ওঠার ব্যাপারে) তারা আমার চেয়ে ভালো জানে। আমি ড্রেসিংরুমে যা শুনেছি তাতে মনে হচ্ছে তারা প্রস্তুত হতে পারে।”
গুয়ার্দিওলা জানান, ফিলিপস দলের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নিচ্ছেন, তবে এখনও পুরোদমে অনুশীলন করতে পারেননি।
আসছে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে আগামী ২১ নভেম্বর তাদের দলের প্রতিপক্ষ ইরান। এই গ্রুপের অন্য দুই দল যুক্তরাষ্ট্র ও ওয়েলস।
বিশ্বকাপের জন্য দলগুলির চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৪ নভেম্বর।
