Published : 17 May 2026, 04:39 PM
দিশেহারা রেয়াল মাদ্রিদের সম্ভাব্য নতুন কোচ হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছে জোসে মরিনিয়োর নাম। স্প্যানিশ ক্লাবটিতে ফেরার দুয়ার খোলা রেখেছেন তিনিও। এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব অবশ্য পাননি। তবে মরিনিয়ো বলেছেন, রেয়ালের সঙ্গে যোগাযোগ রাখছে তার এজেন্ট।
বেনফিকার সঙ্গে এখনও চুক্তির এক বছর বাকি ৬৩ বছর বয়সী মরিনিয়োর। পর্তুগালের ক্লাবটি থেকে চুক্তি নবায়ন করার প্রস্তাব এরই মধ্যে পেয়েছেন তিনি। পর্তুগিজ এই কোচ বলেছেন, ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তাহে নিয়ে নিবেন সিদ্ধান্ত।
মরিনিয়োর কোচিংয়ে পর্তুগালের শীর্ষ লিগে কোনো ম্যাচ না হেরে এবারের মৌসুম শেষ করেছে বেনফিকা। তবে শিরোপা জিততে পারেনি দলটি। ৩৪ ম্যাচে ২৩ জয় ও ১১ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে তারা।
রেয়ালের সম্ভাব্য কোচ হিসেবে অনেকদিন ধরেই আলোচনায় মরিনিয়ো। যদিও সম্প্রতি রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস সেই সম্ভাবনা উড়িয়ে দেন। এরপরও, তার সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা নিয়ে গুঞ্জন থেমে নেই।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর, রেয়ালে ফেরার ব্যাপারে নাকি মৌখিকভাবে রাজিও হয়েছেন মরিনিয়ো। তিনি বলেছেন, প্রস্তাব এখনও তার তার কাছ পর্যন্ত আসেনি।
“এই সপ্তাহে আমার ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। বেনফিকা থেকে প্রস্তাব পেয়েছি। রেয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব পাইনি… আলোচনা চলছে, তবে সরাসরি আমার সঙ্গে নয়।”
“সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার সময়ের প্রয়োজন। এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।”
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত যখন রেয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনিয়ো। তখন রেয়ালকে লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছিলেন তিনি।
ওই সময় মরিনিয়োর কোচিংয়ে খেলেন রেয়াল মাদ্রিদের বর্তমান কোচ আলভারো আরবেলোয়া। শনিবার এই স্প্যানিয়ার্ড বলেন, রেয়ালের দায়িত্বে মরিনিয়োকে আবার দেখলে খুশি হবেন তিনি।
“তার একজন খেলোয়াড় হিসেবে তো বটেই, তবে সবকিছুর ঊর্ধ্বে রেয়াল মাদ্রিদের একজন ভক্ত হিসেবে আমার কাছে তিনি এক নম্বর। এক মাস আগেও আমি এমনই অনুভব করেছিলাম এবং সামনেও এটাই বিশ্বাস থাকবে যে, জোসে আমাদেরই একজন ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী মৌসুমে যদি তিনি এখানে আসেন, তাকে ফিরতে দেখলে আমি খুব খুশি হব।”
রেয়াল মাদ্রিদ, বেনফিকা ছাড়াও পোর্তো চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের কোচ ছিলেন। কোচিং ক্যারিয়ারে দুইবার চ্যাম্পিয়ন্স লিগে জেতেন তিনি, পোর্তো ও ইন্টার মিলানের হয়ে।