ম্যান সিটিতে গুয়ার্দিওলার চুক্তির মেয়াদ বাড়ানো ‘সব দলের জন্যই সমস্যা’
ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার নতুন চুক্তি প্রতিপক্ষ দলগুলির জন্য ভালো খবর নয়, অকপটে বললেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরি।
পেপ গুয়ার্দিওলা নতুন চুক্তি করায় স্বস্তি ফিরেছে ম্যানচেস্টার সিটিতে আর প্রমাদ গুনছে অন্য সব দল। সত্যিটা অকপটেই উচ্চারণ করলেন হুবেন আমুরি। তবে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও সাফ জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ। নিজের ক্লাবেই যে অনেক কিছু করার দেখছেন তিনি!
ইপ্সউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন আমুরি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাকে কথা বলতে হলো ম্যানচেস্টারের আরেক ক্লাব নিয়েও।
সিটিতে সম্প্রতি চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন পেপ গুয়ার্দিওলা। প্রতিপক্ষের জন্য এটি যে সুখবর নয়, তা সরাসরিই বললেন আমুরি। তবে এটিও যোগ করে দিলেন, অন্য ক্লাব নিয়ে ভাবার অবস্থায় এখন নেই তার ক্লাব।
“আমার মনে হয়, এটা সব দলের জন্যই সমস্যা। তবে আমাদের নিজেদেরই এত কিছু করার আছে যে, অন্যদের দিকে মনোযোগ দিতে পারি না। আমাদের শুধু নিজেদের ক্লাবের উন্নতি নিয়েই ভাবতে হবে, অন্যদের দিকে তাকানোর সুযোগ নেই। ওদেরকে হারাতে পারলে তা দারুণ অবশ্যই। তবে আমাদের ভাবনা ম্যানচেস্টার ইউনাইটেড নিয়েই।”
ম্যানচেস্টারে যাওয়ার পর এখনও পর্যন্ত স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে দেখা হয়নি আমুরির। তরুণ এই কোচের মধ্যে যে ভবিষ্যতের ফার্গুসনকে খুঁজছেন ক্লাব সমর্থকেরা, সেই প্রত্যাশার ব্যাপারটি জানেন তিনি। তবে একই পথ অনুসরণ করে নয়, আমুরি সাফল্যের পথে ছুটতে চান নিজের মতো করেই।
“কাউকে অনুকরণ করার কিছু নেই। আমাকে হতে হবে আমার মতোই। এই ক্লাবকে জিততে হবে, ফুটবলারদের কাছে তা তুলে ধরতে হবে। তবে সময়টা ভিন্ন। অ্যালেক্স ফার্গুসন যেমন ছিলেন, আমি তেমন হতে পারি না। সময়টাই আলাদা। আমার ধরনও আলাদা হতে হবে। তবে ভিন্নভাবেই দলের কাছ থেকে প্রত্যাশা করতে পারি।”
স্পোর্তিং লিসবনে দারুণ সাফল্য পেয়ে আসা কোচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে পথে ফেরানোর চ্যালেঞ্জটা হবে অনেক কঠিন। মৌসুমের মাঝপথে কাজ শুরু করার বাড়তি চ্যালেঞ্জ তো আছেই। প্রথম ম্যাচের আগে দলকে খুব বেশি সময় পাননি তিনি। স্রেফ দুটি অনুশীলন সেশন হয়েছে দলের। সব বাস্তবতাই তিনি তুলে ধরলেন
“মৌসুমের মাঝামাঝি কোনো দলে আসাটা খুবই কঠিন। খেলার মধ্যে থেকেই ফুটবলারদেরকে জানতে হয়। জাতীয় দলের বিরতিও এখন নেই। স্রেফ ম্যাচের পর ম্যাচ।”
“জিততে থাকলে সময়টা উপভোগ করতে হবে, ট্যাকটিক্যাল বিভিন্ন পরিবর্তনসহ সবকিছু মজাই লাগবে। কিন্তু হারতে থাকলে, সেটা নিয়ে কাজ করার সময় অনুশীলনে খুব একটা মিলবে না। একটি দলকে উন্নত করে তোলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনুশীলন।”
কোচ হিসেব আমুরির বড় একটি গুণ মনে করা হয় তার ‘ম্যান ম্যানেজমেন্ট’ স্কিলকে। ফুটবলারদের সঙ্গে তার সম্পর্কের রসায়ন, তার ব্যক্তিত্ব, এসবের বড় ভূমিকা থাকে তার কোচিংয়ে। ইউনাইটেডে ফুটবলাররা তাকে কীভাবে দেখতে পারে, সেটির কিছু নমুনা তিনি জানিয়ে রাখলেন।
“কিছু জায়গা আছে মজা করার জন্য। কিছু জায়গা আছে কঠোর পরিশ্রমের জন্য। প্রয়োজন পড়লে কঠোর হতে পারি আমি। সবাই দলের কথা ভাবলে, তার সঙ্গে আমার চেয়ে ভালো আর কেউ হবে না। কিন্তু কেউ যদি নিজের কথা ভাবে, তাহলে তার ক্ষেত্রে আমি হব ভিন্ন মানুষ।”
“ওরা সবাই উপলব্ধি করতে পারবে, ছোট ছোট খুঁটিনাটি অনেক ব্যাপার আমাকে খুশি করে তোলে। তবে যখন কাজের সময়, তখন আমি ভিন্ন একজন। ওরা সেটা অনুভব করতে পারবে।”
