২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে অক্টোবরে পাওয়ার আশায় আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসিকে ছাড়াই দল যে পারফরম্যান্স করছে, তাতে বেশ সন্তুষ্ট লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2024, 06:40 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে লিওনেল মেসি। খেলতে পারছেন না আর্জেন্টিনার হয়ে চলমান বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। তবে তাকে নিয়ে আশার বানী শোনালেন কোচ লিওনেল স্কালোনি। আগামী অক্টোবরে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে দলে পাওয়ার ব‍্যাপারে আশাবাদী তিনি।

গত জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে চোট পান মেসি। ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায় তার। পরে ৬৬তম মিনিটে চোখে জল নিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। লাউতারো মার্তিনেসের একমাত্র গোলে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। 

সেই থেকে মাঠের বাইরে আছেন ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। চোট কাটিয়ে সম্প্রতি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে ফিরেছেন মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মায়ামির শনিবারের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার।

চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের দুটি ম্যাচ আছে আর্জেন্টিনার। এর একটিতেও নেই মেসি। তবে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে অক্টোবরের ম্যাচের দলের আটবারের ব্যালন দ’র জয়ীকে পেতে আশাবাদী স্কালোনি।

“আমরা আশা করছি, সে খেলা শুরু করবে। যখন পরবর্তী স্কোয়াডের তালিকা (অক্টোবরে) দেব, তখন সবার মতো তার সঙ্গেও যোগাযোগ করব। এরপর আমরা দেখব, সে ফেরার জন্য প্রস্তুত কিনা।”

মেসিকে ছাড়াই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে মঙ্গলবার মুখোমুখি হবে তারা। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া যেভাবে নিজেদের মেলে ধরছেন বাকিরা, তাতে বেশ সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ।

“লিওর (মেসি) ওপর নির্ভরশীল না হওয়া একটা ফুটবল দলের জন্য কঠিন। সে যে দলেই ছিল, প্রত্যেক দলেই এমনটা হয়েছে। সে দলের অনন্য একজন ফুটবলার। (আর্জেন্টিনার) এই দলের ভালো দিক হলো, মাঠে যেই থাকুক না কেন নিজেদের খেলা নিয়ে পরিষ্কার একটা ধারণা আমাদের আছে।”

“লিওকে ছাড়া আমরা একইভাবে খেলার চেষ্টা করি… মাঠে যেই থাকুক না কেন, সব খেলোয়াড়ই জানে তাদের কী করতে হবে।”

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ খেলা উরুগুয়ের পয়েন্ট ১৪, আছে দ্বিতীয় স্থানে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৩, আর ১০ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।