১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতি ম‍্যাচেই ভিনিসিউসের নাচ দেখতে চান কোর্তোয়া

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নাচ মানেই যে গোল, তাই এই উদযাপন দেখে যেতে চান রেয়াল মাদ্রিদ গোলরক্ষক।

প্রতি ম‍্যাচেই ভিনিসিউসের নাচ দেখতে চান কোর্তোয়া
গোলের পর ভিনিসিউস জুনিয়রের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 06:49 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

গোল করেই কর্নার স্ট‍্যান্ডের দিকে ছুটলেন ভিনিসিউস জুনিয়র। গ‍্যালারির দিকে তাকিয়ে নেচে উদযাপন করলেন দলকে এগিয়ে নেওয়া গোল। এই উদযাপন নিয়মিত দেখতে চান রেয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নাচ মানেই তো দলের হয়ে তার গোল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ২-১ গোলে জিতেছে রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের দুই লেগেই বেনফিকাকে হারিয়ে নকআউট পর্বে উঠেছে আলভারো আরবেলোয়ার দল। 

৮০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস। রেকর্ড ১৫বারের চ‍্যাম্পিয়নরা টানা ২৩বার জায়গা করে নেয় দ্বিতীয় রাউন্ডে।  

বেনফিকার মাঠে প্রথম লেগে এভাবেই নেচে নিজের গোল উদযাপন করেন ভিনিসিউস। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় স্বাগতিক সমর্থকরা। পর্তুগিজ ক্লাবটির খেলোয়াড়রাও নিজেদের অসন্তোষ জানায়। পরে ভিনিসিউসকে লক্ষ‍্য করে দলটির আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নি বর্ণবাদী মন্তব‍্য করেন বলে অভিযোগ ওঠে।

ম‍্যাচের আগেও আলোচনার কেন্দ্রে ছিল এই ঘটনা। বর্ণবাদী মন্তব‍্যের দায়ে এই ম‍্যাচে নিষিদ্ধ ছিলেন প্রেস্তিয়ান্নি। মাঠে ভিনিসিউসের সমর্থনে ছিল বিশাল ব‍্যানার, যেখানে লেখা ছিল ‘সবধরনের বর্ণবাদকে না।’ 

গ‍্যালারিতে ভক্তদের যে বিপুল সমর্থন ছিল, সেটা মাঠে সতীর্থদের কাছ থেকেও পান ভিনিসিউস। তরুণ সতীর্থকে নিজের মতো করে উদযাপন করতে দেখে ভালো লেগেছে কোর্তোয়ার।

“আমি খুশি যে ভিনিসিউস নেচে উদযাপন করেছে এবং নেচে যাচ্ছে। এর মানে সে গোল করছে।”

শুরুতে পিছিয়ে পড়ার দুই মিনিট পর রেয়ালকে সমতা ফেরানো অহেলিয়া চুয়ামেনি প্রতিক্রিয়া জানালেন ছোট্ট কথায়, “এটাই আমাদের ভিনিসিউস।”