১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মেসি এমন হাজার গোল করেছেন’, বার্সেলোনা কিংবদন্তির সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল

লিওনেল মেসির সঙ্গে তুলনায় আপত্তি তরুণ এই স্প‍্যানিশ ফরোয়ার্ডের, প্রশংসায় ভেসে না গিয়ে তিনি পা রাখতে চান মাটিতে।

‘মেসি এমন হাজার গোল করেছেন’, বার্সেলোনা কিংবদন্তির সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল
চমৎকার গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরালেন ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ক্লাব ব্রুজের বিপক্ষে লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলের পর আরও একবার ফুটবল অঙ্গন উচ্চকিত লিওনেল মেসির সঙ্গে তার তুলনায়। তবে এই প্রশংসায় ভেসে যাচ্ছেন না তিনি। মেসির সঙ্গে তুলনায় আপত্তি জানিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড বললেন, তিনি নিজের পথ নিজে করে নিতে চান। 

চ‍্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে তিনবার পিছিয়ে পড়ে ব্রুজের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। দলের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। তৃতীয় গোলে বড় অবদান তারই। ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের বাঁকানো শট হেড করে নিজেদের জালে পাঠান ব্রুজের খ্রিস্তোস জোলিস।

দ্বিতীয়ার্ধে ৬১তম মিনিটে জালের দেখা পান ইয়ামাল, বার্সেলোনার সেটি দ্বিতীয় গোল। 

ডি বক্সের বাইরে বল পান ইয়ামাল। পায়ের কারিকুরিতে দুই জন খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান তিনি। ফের্মিন লোপেসকে বল পাঠিয়ে ঢুকে পড়েন ডি বক্সে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে আরও দুই জনকে এড়িয়ে জায়গা করে নেন ইয়ামাল। ক্লাব ব্রুজের রক্ষণকে অকার্যকর করে দিয়ে পৌঁছে যান গোলরক্ষকের সামনে এবং বাম পায়ের নিখুঁত শটে খুঁজে নেন জাল।

বার্সেলোনার হয়ে এমন অসংখ‍্য গোল করেছেন মেসি। গোলের পর তার সঙ্গে ইয়ামালের নতুন করে তুলনা শুরু হয়েছে। তবে এতে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না স্প‍্যানিশ ফরোয়ার্ড। ম‍্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেছেন মেসির সঙ্গে তুলনা ও সেই গোল নিয়ে। 

“মেসি এমন হাজারো গোল করেছেন। আমাকে নিজের পথ তৈরি করে নিতে হবে এবং আশা করি, এমন অনেক গোল করতে পারব।” 

“আমি যতটা ভালো পারি ততটা করার চেষ্টা করেছি। ওই মুভটা খুব দ্রুত ঘটে এবং ফের্মিন চমৎকার ফ্লিকে আমাকে বল দেয়, সেখান থেকে আমি শেষ করি।”

কুঁচকির চোট নিয়ে গণমাধ‍্যমে মিথ‍্যা ও অতিরঞ্জিত তথ‍্য আসছে বলে দাবি করলেন ইয়ামাল। তার মনে এই চোট গভীর প্রভাব ফেলেছে বলে যে খবর এসেছে সেগুলো উড়িয়ে দিলেন তিনি। 

“আমার কুঁচকির চোট নিয়ে অনেক কথা বলা হচ্ছে, যেমন আমি বিমর্ষ, কিন্তু এগুলো সবই মিথ‍্যা। সবসময় যেমন থাকি, তেমনই আছি, খুব সুখী, নিজের কাজে মনোযোগী, অনুশীলনে ফেরার চেষ্টা করছি এবং এই পর্যায়ে খেলার চেষ্টা করছি, যেখানে আমার সবচেয়ে ভালো লাগে এবং নিজেকে সবচেয়ে বেশি উপভোগ করি।”