২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমবাপে-নেইমারকেও এসব সহ্য করতে হয়েছে’, পিএসজিতে বিরূপ অভিজ্ঞতা নিয়ে বললেন মেসি

পিএসজিতে যোগ দেওয়ার পর প্যারিসে বিপুল আয়োজনে বরণ করে নেওয়া হলেও শেষ দিকে মেসিকে নিয়মিত দুয়ো দিয়েছেন সমর্থকদের একটি অংশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 10:02 AM

Updated : 24 Jun 2023, 04:16 PM

পিএসজিতে কি রাজসিকভাবেই না বরণ করে নেওয়া হয়েছিল লিওনেল মেসিকে! সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ার ছিল চোখে পড়ার মতো। সেই সমর্থকদের একটি অংশই শেষ দিকে ক্রমাগত দুয়ো দিয়ে গেছেন মেসিকে। ওই তেতো অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পিএসজিতে অন্য বড় তারকাদেরও যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, সেসবও তিনি মনে করিয়ে দিলেন। 

বার্সেলোনায় বর্ণাঢ্য সময় কাটিয়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি। বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে তার ছিল না। কিন্তু আর্থিক জটিলতায় শেষ পর্যন্ত ক্লাব ছাড়ার মতো পরিস্থিতিই তৈরি হয়। শেষ সময়ে তাড়াহুড়ো করে পিএসজিতে যোগ দেন তিনি। 

সেই ছোট্টবেলা থেকে বার্সেলোনায় বেড়ে ওঠা মেসি নতুন ক্লাবে ও নতুন শহরে গিয়ে শুরুতে মানিয়ে নিতে ভোগান্তির কথা বলেছেন নানা সময়েই। এবার বিন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারেও আরেকবার তুলে ধরলেন তার ও পরিবারের সেই দুঃসহ সময়ের কথা।

“প্যারিসে আমার জীবন শুরু হয়েছিল মানিয়ে নেওয়ার কঠিন লড়াই দিয়ে। যতটা ধারণা করেছিলাম, তার চেয়েও বেশি। যদিও ড্রেসিং রুমে আরও চেনাজানা মুখ ছিল। তবে মানিয়ে নেওয়া খুবই কঠিন ছিল। হঠাৎ পরিবর্তন, অনেক দেরিতে ক্লাবে যোগ দেওয়া, প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে না থাকা, নতুন ক্লাবে মানিয়ে নেওয়া, নতুন সতীর্থ ও খেলার নতুন ধরন, নতুন শহর… আমার ও আমার পরিবারের জন্য এসব সহজ ছিল না।” 

পিএসজিতে দুই মৌসুমে ৩২টি গোল করেছেন মেসি, গোলে সহায়তা করেছেন ৩৫টি। দুই মৌসুমেই লিগ শিরোপা জিতেছে তার ক্লাব, একবার জিতেছে ফ্রেঞ্চ সুপার কাপ। তবে সমর্থকদের অনেকে তার পারফরম্যান্সে খুশি হতে পারেননি। কারণ মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে দুই মৌসুমেই শেষ ষোলো থেকে ছিটকে যায় পিএসজি। মেসিও ছিলেন ভীষণ মলিন।

সমর্থকদের একটি অংশ এটি ভালোভাবে নিতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ক্লাবে ফেরার পরও শেষ দিকে ম্যাচের পর ম্যাচে দুয়ো দেওয়া হয়েছে মেসিকে। কিছুদিন আগে ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ব্যক্তিগত সফরে যাওয়ার পর প্যারিসে সমর্থক ও সংবাদমাধ্যমের প্রবল সমালোচনার ঝড় বয়ে যায় মেসিকে ঘিরে। তাকে নিষেধাজ্ঞাও দেয় ক্লাব। 

প্যারিসের ক্লাবটিতে দুই বছর থেকে ইউরোপিয়ান ফুটবলে অধ্যায় চুকিয়ে মেসি সম্প্রতি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। পেছন ফিরে তাকিয়ে পিএসজিতে নিজের শুরু আর শেষের সময়ের অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।

“আমাকে খুব ভালোভাবেই স্বাগত জানানো হয়েছিল। পরে লোকে আমাকে ভিন্নভাবে দেখতে শুরু করল, প্যারিস সমর্থকদের একটি অংশ ভিন্ন চোখে দেখতে শুরু করল।” 

“সমর্থকদের একটি বড় অংশের সঙ্গে সম্পর্কে ফাটল ধরল। যদিও এরকম কিছুর ইচ্ছে আমার ছিল না। এসবের কাছাকাছি কিছুও আশা করিনি। তবে এরকমই হয়ে গেছে। আমার আগে এমবাপে ও নেইমারকেও এসব সহ্য করতে হয়েছে এবং আমি বুঝতে পেরেছি, তাদের (ওই সমর্থকদের) ধরনই এরকম।” 

জীবনের পথচলায় শনিবার ৩৬ বছর পূর্ণ করা মেসি এখন এই অধ্যায় পেছনে ফেলে তাকিয়ে আছেন সামনে। 

“আমাকে যারা সম্মান করেছেন, তাদেরকে মনে রাখব। এখানে আসার পর শুরুর দিন থেকেই আমি সবাইকে সম্মান করেছি। ব্যস, এটুকুই। ছোট্ট একটি কাহিনী এটি।” 

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক হতে পারে আগামী ২১ জুলাই।