২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ মানের স্ট্রাইকারের খোঁজে রিয়াল

ভারসাম্যপূর্ণ দল গড়তে সঠিক খেলোয়াড় চান কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 05:26 PM

Updated : 05 Jun 2023, 05:31 PM

একের পর ফরোয়ার্ডের বিদায়ে আক্রমণভাগে অনেকটাই শক্তি কমে গেছে রিয়াল মাদ্রিদের। ক্লাব ছাড়ছেন তারকা ফরোয়ার্ড করিম বেনজেমাসহ চার জন। তাদের ঘাটতি পূরণে ছক কষতে শুরু করে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান বলেছেন, তার কাছে গুরুত্ব পাচ্ছে শীর্ষ মানের একজন স্ট্রাইকার দলে টানা।

গত কয়েক দিনে রিয়ালের একের পর এক খেলোয়াড়ের ক্লাব ছাড়ার ঘোষণা আসে। মার্কো আসেনসিও, মারিয়ানো দিয়াস ও এদেন আজারদের বিদায় খুব একটা চমক হয়ে আসেনি। তবে নাটকীয়ভাবে গত রোববার এই তালিকায় যুক্ত হয় বেনজেমার নামও। এই মৌসুম শেষে চুক্তি নবায়ন না করে ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ২০২২ সালের ব্যালন দ'র জয়ী।

রিয়ালের আক্রমণভাগে এখন উল্লেখযোগ্য খেলোয়াড় কেবল দুই ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। নিশ্চিতভাবেই তাই আসছে দলবদলে আক্রমণভাগে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে হবে ইউরোপের সফলতম ক্লাবটিকে।

দলছুট হওয়া চার জনের মধ্যে রিয়ালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন বেনজেমা। দলের আক্রমণভাগের মধ্যমণি ধরা হতো তাকে। ‘নাম্বর নাইন’ হলেও দলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভূমিকায় খেলেছেন ৩৫ বছর এই ফুটবলার। সেই শূন্যতা পূরণে আনচেলত্তি তাই শীর্ষ মানের একজন স্ট্রাইকারের সন্ধানে আছেন।

মৌসুমে নিজেদের শেষ ম্যাচে লা লিগায় গত রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-১ ড্র করে রিয়াল। বিদায়ী ম্যাচেও দলের একমাত্র গোলটি করেন বেনজেমা।

এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ভারসাম্যপূর্ণ দল গড়তে আক্রমণে সঠিক খেলোয়াড়ের খোঁজে আছেন তারা।

“চার জন ফরোয়ার্ড চলে যাচ্ছে, তাই আমাদের আক্রমণভাগে শক্তি বাড়াতে হবে এবং আমরা তা করতে যাচ্ছি। সেই পদক্ষেপ নেওয়ার জন্য সময় আছে।”

“গোলের পাশাপাশি আমরা এমন একজন স্ট্রাইকার খুঁজছি, যে শীর্ষ মানের স্ট্রাইকারের মতো দলের খেলায় সুর বেঁধে দেবে। তবে স্রেফ ফরোয়ার্ডদের দিয়েই ম্যাচ জেতা যায় না, তারা ছাড়া কখনও কখনও রক্ষণভাগও ম্যাচ জেতায়। আমাদের কাছে ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর মতো দারুণ প্রতিভাবান দুই তরুণ রয়েছে।”

গুঞ্জন আছে, টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেইনকে কেনার ব্যাপারে আগ্রহী রিয়াল। এছাড়াও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে এস্পানিওলের হোসেলু, চেলসির কাই হাভার্টজ, নাপোলির ভিক্টর ওসিমেন ও রবের্তো ফিরমিনোর নামও।