২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন মেয়েদের জন্য বাফুফে সভাপতির উপহার ‘ভালোবাসা’

প্রধানমন্ত্রীর কাছ থেকে মেয়েরা সংবর্ধনা-উপহার পাবেন বলে বিশ্বাস বাফুফে সভাপতি সালাউদ্দিনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 09:27 PM

Updated : 20 Sep 2022, 09:27 PM

নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবেন বলে আশা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। স্পন্সর প্রতিষ্ঠান ও অন্যান্য জায়গা থেকেও উপহার মিলবে বলে ধারণা তার। বাফুফে সভাপতির পক্ষ থেকে কি দেওয়া হবে, এই প্রশ্নে তার উত্তর, “আমার আদর-ভালোবাসা…!”

নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের স্মরণীয় সাফল্যের পর মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান বাফুফে সভাপতি।

নারী সাফের আগের ৫ আসরের প্রতিটিতেই শিরোপা জয় করে ভারত। এবার সেই ভারতকে গ্রুপ পর্বে উড়িয়ে সব বাধা পেরিয়ে ফাইনালে নেপালকে হারিয়ে বাংলাদেশ দেখা পায় স্বপ্নের ট্রফির।

দেশের ফুটবলে ঐতিহাসিক এই সাফল্যের জন্য মেয়েদেরকে যে পুরস্কার দেওয়া হবে, তাতে দলের সবাই সন্তুষ্ট হবে বলেই ধারণা বাফুফে সভাপতির।

“ওরা চ্যাম্পিয়নশিপ জিতেছে। যখনই আমাদের ভালো ফল হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাইতে হয় না, যেতে হয় না। উনি নিজে পরিকল্পনা করে আমাদের নির্দেশনা দিয়ে দেন। অলরেডি উনি জানেন যে বাংলাদেশ এটা করেছে। আমি আশা করছি, ওখান থেকে ভালো সংবর্ধনা ও উপহার আসবে।”

“পাশাপাশি আরও কিছু জায়গায়, স্পন্সররা একটু একটু করে আলাপ করছে। আমার মনে হয়, ওরা আমার পর শেষ পর্যন্ত যা হবে, ওরা খুশিই হবে।”

এরপরই জানতে চাওয়া হয়, বাফুফের পক্ষ থেকে কিংবা বাংলাদেশ ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে তিনি কি উপহার দেবেন। সালাউদ্দিনের ছোট্ট উত্তরের কথা বলা হয়েছে শুরুতেই!