২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বিপক্ষে 'খেলবেন না' মেসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে ছুটিতে যাবেন আর্জেন্টিনা অধিনায়ক, খবর টিওয়াইসি স্পোর্টসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 09:48 PM

Updated : 13 Jun 2023, 09:48 PM

এশিয়া সফরের প্রথম ম্যাচে লিওনেল মেসিকে পেলেও দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইন্দোনেশিয়ার বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের প্রস্তুতিপর্বে এখন জাতীয় দলের সঙ্গে আছেন মেসি।

চলতি এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর মেসি চলে যাবেন বিশ্রামে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে ফের মাঠে নামার আগে ছুটি কাটাবেন রেকর্ড সাতবারের ব্যালন দ'র জয়ী।

এরপর মেসি যোগ দেবেন ইন্টার মায়ামিতে। গত বুধবার ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়টি নিজেই জানান তিনি। আনুষ্ঠানিক চুক্তি অবশ্য এখনও হয়নি। সব ঠিক থাকলে আগামী জুলাইয়ের নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে বিশ্বকাপ জয়ী মেসির।

গত দুই মৌসুম পিএসজির হয়ে খেলা মেসির সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ চলতি মাসেই।