২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিশ্বকাপ দলকে ‘রাখবে না’ যুক্তরাষ্ট্র

বদলে যাচ্ছে এশিয়ার দলটির বিশ্বকাপ চলাকালীন ক্যাম্পের ঠিকানা।

ইরানের বিশ্বকাপ দলকে ‘রাখবে না’ যুক্তরাষ্ট্র
ইরান জাতীয় ফুটবল দল। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 11:54 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ইরানের বিশ্বকাপ অভিযান ঘিরে যে নাটকীয়তা চলছে, তা নতুন মোড় নিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের দাবি, ইরান দলকে যুক্তরাষ্ট্রের মাটিতে রাখতে রাজি নয় দেশটির সরকার। তাই এশিয়ার দলটিকে নিজেদের দেশে রাখতে রাজি হয়েছে টুর্নামেন্টের তিন স্বাগতিকের একটি মেক্সিকো। 

৪৮ দলের এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তবে সূচি অনুযায়ী, ইরানের সবগুলো ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।

তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে অতর্কিত বিমান হামলা শুরু করে ইরানে। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোয় অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে। সময়ের সঙ্গে দুই পক্ষেরই হামলা আরও বিস্তার লাভ করে।

গত ৮ এপ্রিল থেকে অবশ্য দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে শুরুর ওই হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে নানারকম খবর আসতে থাকে। 

ইরানের পক্ষ থেকে প্রথমে বলা হয়, কোনোভাবেই যুক্তরাষ্ট্রে গিয়ে তারা খেলতে রাজি নয়। তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবিও তোলে তারা। যদিও ফিফা তাদের প্রস্তাবে কখনোই ইতিবাচক সাড়া দেয়নি। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, তাতে পরিস্থিতি কখনও আরও ঘোলাটে হয়েছে, আবার কখনও একটা সমাধানের ইঙ্গিত মিলেছে।

তবে শেইনবাউমের কথা অনুযায়ী বিষয়টি আরও ঘোলাটেই হচ্ছে। তিনি বলেছেন, টুর্নামেন্টের পুরোটা সময় ইরান দলকে যুক্তরাষ্ট্র তাদের দেশে রাখতে রাজি নয়, আর একারণে ফিফার পক্ষ থেকে মেক্সিকো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, “মেক্সিকোয় তাদের থাকার ব্যাপারে আমাদের না বলার কোনো কারণই নেই।” 

এই বিষয়ে জানতে হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও, তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। 

এদিকে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ শনিবার বলেন, তাদের দলের বিশ্বকাপ ক্যাম্প অ্যারিজোনার পরিবর্তে মেক্সিকোন সীমান্তবর্তী শহর তিয়ুনায় হবে।

আগামী ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর কথা ইরানের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।