২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পিরামিডসকে হারিয়ে ফাইনালে ফ্ল‍্যামেঙ্গো

যে দলকে এড়াতে চেয়েছিলেন লুইস এনরিকে, দুই ডিফেন্ডারের গোলে সেই ফ্ল‍্যামেঙ্গোই জায়গা করে নিল ফাইনালে।

পিরামিডসকে হারিয়ে ফাইনালে ফ্ল‍্যামেঙ্গো
চ্যালেঞ্জার কাপ জিতে ফ্ল্যামেঙ্গোর ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

দুই ডিফেন্ডারের গোলে মিশরের ক্লাব পিরামিডসকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে জায়গা করে নিল ব্রাজিলের ফ্ল‍্যামেঙ্গো।  

‘চ্যালেঞ্জার কাপ’ নামক ম্যাচে শনিবার ২-০ গোলে জিতেছে ফিলিপে লুইসের দল। দুটি গোলেরই উৎস ফ্রি কিক।

২৪তম মিনিটে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন লিও পেরেইরা। ৫২তম মিনিটে আরেকটি দারুণ হেডে ব‍্যবধান দ্বিগুণ করেন দানিলো।  

‘ডার্বি অব আমেরিকাস’ ম্যাচে গত বুধবার কনক্যাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন দল মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-১ গোলে হারায় কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো। 

আতলেতিকো মাদ্রিদ ও চেলসির সাবেক ডিফেন্ডার লুইসের কোচিংয়ে দারুণ ছন্দে আছে ফ্ল্যামেঙ্গো। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে পাঁচটি শিরোপা জিতিয়েছেন এই ব্রাজিলিয়ান। তাদের সামনে এবার ষষ্ঠ শিরোপার হাতছানি।

ছয় কনফেডারেশনের চ‍্যাম্পিয়ন্সের শিরোপাধারী দল খেলে ইন্টারকন্টিনেন্টাল কাপে। আগামী বুধবার হবে এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরের ফাইনাল। এতে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে ফ্ল‍্যামেঙ্গো।