Published : 30 May 2026, 06:33 PM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ঘিরে উত্তেজনায় ভাসছে দুই শিরোপাপ্রত্যাশী ক্লাবের সমর্থকরা। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে টপকে প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার স্বপ্নে বিভোর আর্সেনাল। দলটির ভক্ত নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি যেন এখনই কল্পনার চোখে প্রিয় দলের ট্রফি জয় দেখতে পাচ্ছেন।
ম্যাচের ফল কেমন হতে পারে, কোনোরকম ভবিষ্যদ্বানী করতে না চাইলেও, ঠিকই মনের চাওয়া লুকিয়ে রাখলেন না তিনি। আর্সেনালের ৩-২ গোলে জয়ের আশা করছেন তিনি।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার ইউরোপ সেরা লড়াইয়ে নামবে আর্সেনাল ও পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
দিন দশেক আগে প্রিমিয়ার লিগ জিতেছে আর্সেনাল, কেটে গেছে ইংল্যান্ডের শীর্ষ লিগে দলটির ২২ বছরের শিরোপা খরা। তাতে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে মিকেল আর্তেতার দলের। দলের সামর্থ্যে আস্থা বেড়েছে ভক্ত-সমর্থকদেরও।
সেই বিশ্বাসের জোরেই মামদানির আশা, এবার ইউরোপ সেরার মুকুটও উঠবে তাদের মাথায়।
“একজন আর্সেনাল ভক্তের সঙ্গে কিসের যুক্তি-তর্ক, যখন আপনি অপেক্ষা করতে পারেন? আমাদের এমন কথা বারবার শুনতে হয়েছে। দীর্ঘ একটা সময় আমাদের জবাব দেওয়ারও কিছু ছিল না। শুধু ছিল দাঁতে দাঁত চেপে প্রার্থনা করা। আশা রাখা। আরও পুরোনো দিনের স্মৃতিচারণ করা।”
“সেসব দিন পেরিয়ে গেছে। অপেক্ষার অবসান হয়েছে। প্রার্থনা পূরণ হয়েছে। আমরা জিতেছি। আমরা এখন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন এবং ইউরোপেরও চ্যাম্পিয়ন হওয়ার মুকুট পরা থেকে স্রেফ একটি ম্যাচ দূরে। যা একসময় ছিল অতীতের স্মৃতি, এখন তা হয়ে উঠেছে বর্তমানের সৌন্দর্য।”
এবারের আগে একবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরেছিল আর্সেনাল। ২০০৫-০৬ আসরের সেই ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল দলটির। তবে এবার সেই অপেক্ষা তাদের শেষ হবে, দৃঢ় বিশ্বাস নিউ ইয়র্কের ইতিহাসের সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়রের।
ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে কথা বলতে গিয়ে শুরুতে একটু ইতস্তত করে, পরে হাসিমুখে ঠিকই শোনালেন আশার কথা।
“ওহ মাই গড…! ঠিক আছে,,, যদিও আমাকে ভবিষ্যদ্বনী করতে মানা করা হয়েছে, আমার কখনোই ভবিষ্যদ্বানী করা ঠিক নয়, তবে আমি ৩-২ গোলে জয়ের প্রার্থনা করছি, এটা আমার চাওয়া।”
“আমাদের কেবল উসমান দেম্বেলেকে সামলাতে হবে, কাভারাদোনাকে (খাভিচা কাভারাৎস্খেলিয়া) সামলাতে হবে। আশা করি, (ইউরিয়েন) টিম্বার খেলার জন্য প্রস্তুত থাকবে। সব মিলিয়ে ভালো অনুভব করছি।”