২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ার্দিওলার সিটিকে নিয়ে ‘উদ্বিগ্ন’ আনচেলত্তি

দুই দলের মধ্যে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 09:05 PM

Updated : 08 Apr 2024, 09:05 PM

ম্যানচেস্টার সিটি-রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের দেখায় যে দল জেতে, পরে তারাই করে শিরোপা উৎসব! পেছনে যখন এমন পরিসংখ্যান, আর সামনে যখন প্রতিপক্ষ সিটি, তখন দুর্ভাবনা, দুঃশ্চিন্তা হওয়া অস্বাভাবিক নয় মোটেও। রেয়াল কোচ কার্লো আনচেলত্তিও রাখঢাক না করে বলে দিলেন, স্নায়ুর চাপ তিনি অনুভব করছেন ভীষণভাবে।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগের ম্যাচটি হবে রেয়ালের আঙিনা সান্তিয়াগো বের্নাবেউয়ে।

ঘরের মাঠে খেলা, কিন্তু অতীত পরিসংখ্যানের কারণে আনচেলত্তি নির্ভার থাকতে পারছেন না পুরোপুরি। ২০২২ সালের সেমি-ফাইনালে দেখা হয়েছিল দুই দলের, সেবার সিটিকে বিদায় করে দিয়ে পরে রেয়াল জিতেছিল রেকর্ড ১৪তম শিরোপা।

গত মৌসুমে সেরা চারের মঞ্চে ফের মুখোমুখি দুই দল। এবার রেয়ালের বিপক্ষে মধুর প্রতিশোধ নেওয়া সিটি পরে করেছিল শিরোপা উৎসব। ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক ট্রেবলের বৃত্তও গত মৌসুমে পূরণ করেছিল পেপ গুয়ার্দিওলার দল। এবার ট্রেবলের মিশনে ভালোভাবেই আছে সিটি।

রেয়ালও আছে দারুণ ছন্দে। লা লিগায় তাদের ধারেকাছে নেই কেউ। তবে আসছে ম্যাচের প্রতিপক্ষ গুয়ার্দিওলার সিটি বলে আনচেলত্তি নিজের ভেতরের দোলুনি আড়াল করলেন না একটুও।

“আমি বেশ বিচলিত। ম্যাচের আগের সময়ে… ব্যক্তিগত পর্যায়ে… (ভীষণ স্নায়ুচাপ অনুভব করছি)।

দলের জয় বা হারের মধ্যে অনেকরকম অর্থ খোঁজেন কেউ কেউ। আনচেলত্তি সেই ধাঁচের নন। বললেন, হোঁচট খাওয়াটা তার কাছে বরং উঠে দাঁড়ানোর জ্বালানি।

“হার মানে ভোগান্তি আর জয় মানে সুখ? না, তা নয়। এটা আসলে এক ধরনের মুক্তি। কেননা, এর পরের দিনে সবকিছু শান্ত হয়ে যায়। ভোগান্তি কাজেরই অংশ, এটা আপনাকে জীবন্ত রাখবে। এটা আমার জন্য জ্বালানি।”

সময়ের সেরা দুই দল, যাদের ডাগআউটে দুই ক্ষুরধার কৌশলী কোচ, সব মিলিয়ে ম্যাচের পরতে পরতে থাকবে নানামুখী লড়াই। আনচেলত্তিরও মনে হচ্ছে, উপভোগ্য এক ম্যাচ হতে যাচ্ছে।

“আকর্ষণীয় একটা ফুটবল ম্যাচ হবে এটা। প্রতিটি দলেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে; দুই দলেই আছে অনেক মানসম্পন্ন খেলোয়াড়। এই মানসম্পন্ন খেলোয়াড়রাই কৌশলগত দিক থেকে খুবই সুন্দর একটা ম্যাচ উপহার দেবে।”