২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের কাছে হারের হতাশাই এখন তার অনুপ্রেরণা

জাতীয় দলের ব্যর্থতা ক্লাবের হয়ে ভালো করার জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 04:42 PM

Updated : 02 Jan 2023, 04:42 PM

কাতার বিশ্বকাপ শেষ হয়ে ফের শুরু হয়ে গেছে ক্লাব ফুটবল। ভার্জিল ফন ডাইককে অবশ্য এখনও পোড়াচ্ছে বৈশ্বিক আসরে নেদারল্যান্ডসের ব্যর্থতা। জাতীয় দলের হয়ে সেই তেতো অভিজ্ঞতা তিনি ভুলতে চান লিভারপুলের হয়ে। জানালেন, কাতারের ওই না পারা তাকে ক্লাবের হয়ে ভালো করার জন্য যোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা। 

বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। ডাচদের হয়ে প্রথম শট মিস করেন ডিফেন্ডার ফন ডাইক। পরে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জিতে আর্জেন্টিনাই। 

এরপর পেরিয়ে গেছে দুই সপ্তাহ। বিশ্বকাপ বিরতির পর এরই মধ্যে প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন ফন ডাইক। এবার তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। বাংলাদেশ সময়  সোমবার রাত সাড়ে ১১টায় শুরু হবে লিগের ম্যাচটি। 

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফন ডাইক বলেন, শিরোপা নয়, আপাতত স্রেফ ভালো খেলে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে চান তারা। 

“এটা (বিশ্বকাপ ব্যর্থতা) ... আমাকে এখানে (লিভারপুলে) অনুপ্রাণিত করেছে। আমরা আর্সেনালের থেকে বেশ কিছু পয়েন্ট পিছিয়ে আছি, কিন্তু মৌসুমটি খুব পাগলাটে, খুব অদ্ভুত হতে পারে।” 

“আমাদের বাস্তববাদী হতে হবে এবং আমরা এই মুহূর্তে শিরোপা নিয়ে ভাবছি না। আমাদের সামনের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে, ম্যাচগুলো জিততে হবে এবং তারপর আমরা দেখব যে কী হয়।” 

লিগে ১৬ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল।