জাপানের কাছে হারের পর ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ আনচেলত্তির
খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়াতে বললেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ।
প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যাওয়ার পর হঠাৎ ছন্দপতন। ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনোর দুটি ভুলে ব্রাজিল হজম করে দুই গোল, পরে আরেকটি। জাপানের কাছে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বললেন, এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা। খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানোর তাগিদ দিলেন তিনি।
টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাওলো এইহিক ও গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ৩২ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু ৫২ থেকে ৭১, ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে বল যায় তিনবার। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলের স্মরণীয় জয় পায় জাপান।
পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে ১৪ বারের দেখায় এশিয়ার দেশটির প্রথম জয় এটি।
চার দিন আগে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচ থেকে এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন আনচেলত্তি। ওই ম্যাচে দুটি করে গোল করা এস্তেভোঁ ও রদ্রিগোকে শুরুতে বেঞ্চে রাখেন তিনি।
একাদশে ব্যাপক রদবদল নিয়ে তাই প্রশ্নও উঠছে। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভুল থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন সাবেক রেয়াল মাদ্রিদ কোচ।
“যখন দল হেরে যায়, তখন আমরা হতাশ থাকি, যা স্বাভাবিক। সবাই হতাশ থাকে। আমি হারতে পছন্দ করি না, খেলোয়াড়রাও তাই। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেমনটি আমরা সবসময় নিয়ে থাকি।”
জাপানকে প্রথম গোলটি একরকম উপহার দেন ব্রুনো। নিজেদের বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বল তুলে দেন তাকুমি মিনামিনোর পায়ে। জালে পাঠাতে ভুল করেননি স্বাগতিক মিডফিল্ডার।
“প্রথম গোলে (ফাব্রিসিও) ব্রুনোর ভুলের আগ পর্যন্ত ম্যাচটি ভালোভাবে আমাদের নিয়ন্ত্রণে ছিল। এরপর দল মানসিকভাবে ভেঙে পড়ে। এটাই ছিল দলের সবচেয়ে বড় ভুল। আমার মনে হয় না দ্বিতীয়ার্ধে সামগ্রিকভাবে খারাপ ছিল (আমাদের পারফরম্যান্স), তবে ভুলটি খেলোয়াড়দের ওপর খুব বেশি প্রভাব ফেলেছিল।”
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। আগামী মাসে আরও দুটি প্রীতি ম্যাচে তারা খেলবে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে, যথাক্রমে লন্ডন ও প্যারিসে। সেখানেও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার কথা বললেন আনচেলত্তি।
“এই বিরতি ও পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের বিরতি পরীক্ষা-নিরীক্ষার সময় এবং নভেম্বরেও আমরা তা চালিয়ে যাব। কোরিয়ার বিপক্ষে দল খুব ভালো খেলেছে, আজ প্রথমার্ধে ভালো খেলেছে এবং দ্বিতীয়ার্ধে খুব বাজে খেলেছে।”
“বিশ্বকাপে আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আজকের ম্যাচটি ভালো শিক্ষা ছিল।”
