ভীষণ কঠিন সময়ে ব্যালন’র জয়, অম্লমধূর সেই অধ্যায় কেমন কেটেছিল রদ্রির
চোটের থাবায় গত মৌসুমের অধিকাংশ সময় এবং সম্প্রতিও বেশ কিছু দিন বাইরে থাকা রদ্রি আবারও ফুটবল উপভোগ করতে চান, ফিরতে চান সেরা চেহারায়।
অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে প্রায় পুরো একটি মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় রদ্রিকে। দুঃস্বপ্নের সেই সময়েই তার জন্য আনন্দের উপলক্ষ হয়ে আসে ব্যালন দ’র জয়। ক্যারিয়ারের কঠিন সেই অধ্যায়ের কথা স্মরণ করে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বললেন, চোটের থাবায় যে ক্ষতি হয়েছে তার, সেটা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে পোষানো সম্ভব নয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে মাঠের বাইরে ছিটকে যান রদ্রি। এরপর শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয় তাকে। পার করতে হয় দীর্ঘ পুনর্বাসনের কঠিন সময়।
চোটে পড়ার পরের মাসে ক্যারিয়ারের বড় একটি অর্জন ধরা দেয় রদ্রির হাতে। আগের মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র জেতেন তিনি।
চোটের সঙ্গে লম্বা সময়ের লড়াই শেষে গত মে মাসে পেশাদার ফুটবলে ফেরেন ২৯ বছর রদ্রি। পরে আবার কুঁচকির চোটে পড়ে কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে।
এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি। প্রিমিয়ার লিগে দলের সবশেষ ম্যাচে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এই স্প্যানিয়ার্ড।
দীর্ঘ দিন মাঠের বাইরে থেকে ফেরার পর রদ্রি এখন ছন্দ খুঁজে ফিরছেন। ব্রাইটনের বিপক্ষে দলকে পথে ফেরানোর মতো তেমন কিছু করতে পারেননি তিনি।
এখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে স্পেন দলের সঙ্গে আছেন রদ্রি। বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে আধা ঘণ্টার মতো খেলার সুযোগ পান তিনি।
বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার তুরস্কের মুখোমুখি হবে স্পেন। আগের দিন সংবাদ সম্মেলনে ফেলে আসা সেই অসহনীয় সময় নিয়ে কথা বলেন রদ্রি।
“ব্যালন দ’র জয়ের চেয়ে, চোটে পড়াটা অনেক বেশি প্রভাব ফেলেছিল। তবে যখন আমি কঠিন সময় পার করছিলাম, তখন এটা (ব্যালন দ’র জয়) জীবনে আনন্দ বয়ে এনেছিল।”
“বর্ষসেরার স্বীকৃতিটা পেয়ে অবশ্যই আমি খুশি, তবে এটা আসলে কোনো কাজে আসেনি। আমি এখনও সেই খেলোয়াড় হতে চাই। সর্বোপরি, মানসিকভাবে এই পরিস্থিতিতে চলার পর আমি আবার পুরনো অবস্থায় ফিরতে চাই, আবার ফুটবল উপভোগ করতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য।”
গত মৌসুমের হতাশার পর এবারও মৌসুমে শুরুটা ভালো হয়নি রদ্রির দলের। প্রিমিয়ার লিগে বড় জয়ে আসর শুরুর পর, হেরে গেছে টানা দুই ম্যাচে। ম্যানচেস্টার সিটির জয়ের পথে ফেরার জন্য রদ্রির ছন্দে ফেরাটা তাই খুব দরকার।
