০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম‍্যাচ নিয়ে শঙ্কা কেটেছে

টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী, ম‍্যাচের স্রেফ ৬ ঘণ্টা আগে এসেইসা এয়ারপোর্টে এসে পৌঁছাবে আফ্রিকার দলটি।

বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম‍্যাচ নিয়ে শঙ্কা কেটেছে

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 07:08 PM

Updated : 03 Oct 2026, 07:08 PM

হুট করে একটি ফ্লাইট বাতিল হওয়ায় জাগে শঙ্কা। ভেস্তে যেতে বসে বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম‍্যাচ। তবে একটি চার্টার ফ্লাইটে মরক্কো থেকে আফ্রিকার দলটি রওনা হওয়ায় কেটে গেছে অনিশ্চয়তা।

আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী, খেলা শুরু হওয়ার মাত্র ঘণ্টা ছয়েক আগে স্থানীয় সময় শনিবার সাড়ে তিনটায় (পিএম) এসেইসা বিমানবন্দরে এসে পৌঁছাবে বুর্কিনা ফাসো দল।

ফেডারেশনের তথ‍্য অনুযায়ী, তাদের পূর্ব-নির্ধারিত ফ্লাইট কোনো ঘোষণা ছাড়াই বাতিল হয়ে যাওয়ায়, যে সময়ে আর্জেন্টিনায় এসে দলটির অনুশীলন করার কথা সে সময়ও তারা আটকে ছিলেন মরক্কোর কাসাব্লাঙ্কায়। রওনা হওয়ার কথা ছিল গত বুধবার, শেষ পর্যন্ত সেটি সম্ভব হয় শনিবার।

বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সেরে মনুমেন্তাল স্টেডিয়ামে যাওয়ার জন‍্য খুব বেশি সময় পাবেন না সফরকারীরা ফুটবলাররা। এতো দীর্ঘ ভ্রমণের পর বিশ্রাম ছাড়াই ম‍্যাচ খেলা ভীষণ চ‍্যালেঞ্জিং হবে তাদের জন‍্য।

বিশ্বকাপের সময় পাওয়া শাস্তির জন‍্য এই ম‍্যাচেও গ‍্যালারি অর্ধেক খালি রাখতে হবে স্বাগতিকদের। বেনিনের বিপক্ষে পরের ম‍্যাচে কানায় কানায় পূর্ণ গ‍্যালারিতে ম‍্যাচ খেলে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে বিদায় দিতে পারবে তারা।