চোট নিয়ে বার্সেলোনায় ফিরছেন ওলমো
জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
হাঁটুর চোটে ভুগছেন দানি ওলমো। উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে তাই খেলতে পারবেন না স্পেনের এই ফরোয়ার্ড। আগেভাগে ক্লাব বার্সেলোনায় ফিরবেন তিনি।
বেলগ্রেডে গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের ৮২তম মিনিটে মাঠ ছাড়েন ওলমো। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই তারকার চোট গুরুতর নয়। তবে ঝুঁকি এড়াতে রোববার জেনেভায় সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে না খেলিয়ে ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেনের টিম ম্যানেজমেন্ট।
এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় চার ম্যাচের সবগুলো জিতে শীর্ষে আছে বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী রোববার লিগে জিরোনার মাঠে খেলবে তারা। ওই ম্যাচে ওলমোকে পাওয়ার আশায় থাকবেন কোচ হান্সি ফ্লিক।
গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ওলমো। একটা সময়ে কাতালান ক্লাবটির একাডেমিতে ছিলেন তিনি। লিগে দলের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি, কারণ লা লিগার ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের কারণে তখনও তাকে নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা।
তার অভিষেক হয় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে। দলের জয়সূচক গোলটি করেন তিনিই। আন্তর্জাতিক বিরতির আগে রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে দলের ৭-০ গোলে জয়ের ম্যাচেও জালের দেখা পান তিনি।
