বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের দুর্ভাবনা চোট
নিরুপায় হয়ে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ক্লাব ফুটবলে অক্টোবরের ঠাসা সূচিতে একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে। তাতে বাড়ছে খেলোয়াড়দের চোট শঙ্কা। এদিকে দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। সব মিলিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কপালেও পড়ছে দুঃশ্চিন্তার ভাজ।
এরই মধ্যে স্কালোনির দুর্ভাবনা বাড়িয়েছে ফরোয়ার্ড পাওলো দিবালা ও অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল দি মারিয়ার চোট। তবে প্রতিকূল পরিস্থিতি মেনে নিচ্ছেন আর্জেন্টিনা কোচ। দেশের ফুটবল সংস্থার এএফএস্টুডিও’এর সঙ্গে আলাপচারিতায় চোট শঙ্কার বিষয়টি যেন ভাগ্যের উপর ছেড়ে দিলেন তিনি। শিষ্যদের পরামর্শ দিলেন সহজাত খেলা চালিয়ে যাওয়ার।
“আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। ছেলেরা অনেক ম্যাচ খেলছে। ফলে সমস্যা হতে পারে, চোট পেতে পারে, নিষেধাজ্ঞা আসতে পারে। তবে এগুলো শীর্ষ পর্যায়ের ও জাতীয় দলের খেলোয়াড়দের ক্যারিয়ারের অংশ।”
“আমি চিন্তিত, কিন্তু এটা নিয়ে তেমন কিছু করার নেই। আমার মতে, খেলোয়াড়দের মাঠে নামতে হবে এবং কী হবে সেটা না ভেবেই খেলতে হবে-কারণ এই ভাবনা ক্ষতিকর হতে পারে। তাদের সহজাত খেলাই খেলতে দেওয়া উচিত।”
১৯৮৬ সালে দ্বিতীয় ও সবশেষ বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। নভেম্বরের দুটি ম্যাচই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
‘সি’ গ্রুপে স্কালোনির দল যাত্রা শুরু করবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
