হলান্ডকে নিয়ে অনিশ্চয়তা কেটেছে, খেলতে প্রস্তুত রদ্রিও
তবে রদ্রি যে পুরো ম্যাচ খেলার মতো ফিট নন, সেই আভাসও মিলল ম্যানচেস্টার সিটি কোচের কথায়।
ম্যানচেস্টার সিটির সবশেষ লিগ ম্যাচে তাদের সেরা ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে নিয়ে যে দুর্ভাবনা বাসা বেঁধেছিল, তা কেটে গেছে। বোর্নমাউথের বিপক্ষে আসছে ম্যাচে তিনি খেলবেন, নিশ্চিত করেছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
প্রিমিয়ার লিগে আগামী রোববার ঘরের মাঠে বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন তাদের তারকা মিডফিল্ডার রদ্রিও।
গত সপ্তাহে লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচের শেষ সময়ে পোস্টের সঙ্গে ধাক্কা লেগে ব্যথা পান হলান্ড। ওই ম্যাচ দিয়েই নরওয়ের তারকার টানা ১২ ম্যাচে গোল করার পথচলা শেষ হয়।
ওই হারের ধাক্কা সামলে অবশ্য গত বুধবারেই জয়ের পথে ফিরেছে সিটি, লিগ কাপে তারা হারিয়েছে সোয়ানসি সিটিকে। এই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না হলান্ড।
তবে তার কোনো চোট সমস্যা নেই বলে শুক্রবার নিশ্চিত করেন গুয়ার্দিওলা।
আর হাঁটুর চোটে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে কাটানো রদ্রিকে চলতি মৌসুমে বেশ ভুগতে হচ্ছে। তার ফিটনেস সমস্যা নিয়ে আগেই বলেছেন গুয়ার্দিওলা।
সবশেষ গত আন্তর্জাতিক বিরতির আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আবার ছিটকে যান রদ্রি এবং সেই থেকে এখনও মাঠে নামেননি তিনি। তবে এখন তিনি সেরে উঠেছেন, জানালেন কোচ।
“আমার মনে হয়, সে (রদ্রি) দলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। আমি জানি না, সে (বোর্নমাউথের বিপক্ষে) শুরু থেকে খেলতে পারবে কিনা, তবে আশা করি সে আমাদের সঙ্গে থাকবে।”
লিগের ৯ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে গুয়ার্দিওলার দল।
