এশিয়ান ইনডোরে মুকুট হারিয়ে চতুর্থ ইমরানুর
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটারে ৬ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
শুরুতেই পিছিয়ে পড়ার পর শেষ দিকে জোর চেষ্টা করলেও পারলেন না ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব। হারালেন ৬০ মিটারের শ্রেষ্ঠত্বের মুকুট।
ইরানের তেহরানে ৬ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। সোমবার ফাইনালে সেরা হয়েছেন ওমানের আনোয়ার আলি; তার টাইমিং ৬ দশমিক ৫২ সেকেন্ড।
এই ইভেন্টে জাপানের শুহেই তাদা ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে রুপা এবং উত্তর কোরিয়ার জো কুম রাইওং ৬ দশমিক ৬৬ টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছেন।
প্রাথমিক হিট এবং সেমি-ফাইনাল হিট মিলিয়ে এই তিন জনকে কখনই পেছনে ফেলতে পারেননি ইমরানুর। ফাইনালেও পারলেন না পুনরাবৃত্তি এড়াতে।
গত বছর কাজাখস্তানে হওয়া এই প্রতিযোগিতায় ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরানুর। এবার ফাইনালে দৌড় শেষ করলেন এর চেয়ে বেশি সময় নিয়ে।
কাজাখস্তানের ওই আসরের সেমি-ফাইনালে ইমরানুর দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে। হিটে তার টাইমিং ছিল ৬ দশমিক ৭০ সেকেন্ড।
ইরানের প্রতিযোগিতায় গতবারের চেয়ে হিটে টাইমিং ভালো করেন ইমরানুর। তবে বাংলাদেশের দ্রুততম মানব নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হন চতুর্থ। হিটে ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। সেমি-ফাইনালে সময় নেন ৬ দশমিক ৬০ সেকেন্ড।
কদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ইমরানুর। টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মানব হওয়ার পথে বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১০ দশমিক ৩৬ সেকেন্ডে।
