সাবিনাদের হাতে কোটি টাকার চেক তুলে দিল সেনাবাহিনী
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সংস্থাটি।
সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে দেশের মুখ উজ্জ্বল করা মেয়েদেরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সাবিনা-কৃষ্ণাদের জন্য আগেই এক কোটি টাকা পুরস্কার দেওয়ার যে ঘোষণা সংস্থাটি দিয়েছিল, সেই পুরস্কারের চেকও তুলে দিয়েছে তারা।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধনা দেয় সেনাবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সাফের সাফল্য দেশের ক্রীড়াঙ্গণে নতুন প্রেরণার সঞ্চার করবে বলে আশাবাদ জানান সেনাবাহিনী প্রধান।
“এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরও এগিয়ে যেতে পারবে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা সকলে দৃঢ় আশাবাদী। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য নতুন প্রেরণার সঞ্চার করবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি, ফিফা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল ষ্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি ছাড়াও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলারদের অভিভাবকগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
