নাইজেরিয়ার বদলে কোস্টা রিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
একেবারে শুরুতে মার্চে আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া ও কোত দি ভোয়ার নাম জানানো হয়েছিল, এখন তার কোনোটিই থাকল না।
ভিসা জটিলতায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না নাইজেরিয়া। আফ্রিকার দলটির পরিবর্তে কোস্টা রিকার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুরুতে আগামী মাসে চীনে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল নাইজেরিয়া ও কোত দি ভোয়ার বিপক্ষে। কিন্তু গোলযোগ বাঁধে এই মাসের শুরুতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির এশিয়া সফরে।
চোটের কারণে হংকং একাদশের বিপক্ষে মায়ামির বহুল আলোচিত প্রীতি ম্যাচে খেলানো হয়নি মেসিকে। এতে ম্যাচ চলাকালীনই ক্ষোভ প্রকাশ করে দর্শকরা। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে গোটা হংকংয়ে।
ওই ম্যাচের তিন দিন পর জাপান সফরে দেশটির ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে ৩০ মিনিটের বেশি সময় খেলেন মেসি, তাতে হংকংয়ের দর্শকদের ক্ষোভ বাড়ে আরও।
উত্তপ্ত ওই পরিস্থিতিতে চীনে নাইজেরিয়া ও কোত দি ভোয়ার বিপক্ষে ম্যাচ বাতিল হয়ে যায়। গত সপ্তাহে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে খেলবে তারা।
কিন্তু এবার বদলে গেল আরেক প্রতিপক্ষও। ভিসা জটিলতায় নাইজেরিয়ার যুক্তরাষ্ট্রে যেতে না পারা এবং দলটির বদলে কোস্টা রিকার বিপক্ষে খেলার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর লস অ্যাঞ্জেলসে কোস্টা রিকার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
আগামী জুনে যুক্তরাষ্ট্রেই বসবে কোপা আমেরিকা। মহাদেশীয় এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
