২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরপাল্লার সাঁতারে ফের সোনিয়া ও ফয়সাল সেরা

শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় দুজনই এই নিয়ে পাঁচবার সেরা হলেন।

দূরপাল্লার সাঁতারে ফের সোনিয়া ও ফয়সাল সেরা

ছবি: সোনিয়া আক্তার টুম্পা। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 08:08 PM

Updated : 14 Jun 2023, 08:08 PM

জাতীয় দূরপাল্লার সাঁতারে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন সোনিয়া আক্তার টুম্পা ও ফয়সাল আহমেদ। দুজনে এ নিয়ে পঞ্চমবারের মতো সেরার মুকুট জিতলেন।

কুমিল্লার কংশনগর থেকে দেবীদ্বার থানা মোড় পর্যন্ত গোমতি নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার। পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এক ঘণ্টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ডে পাড়ি দেন ফয়সাল। ২০১৫, ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও সেরা হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ সাঁতারু।

মহিলা বিভাগে মেয়েদের পাড়ি দিতে হয় ৮ কিলোমিটার। ১ ঘণ্টা ১৩ মিনিট ২০ সেকেন্ডে পার হন সোনিয়া। ঘরোয়া দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু ২০১৩, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে সেরা হয়েছিলেন।

দুই বিভাগে সাত জন করে প্রতিযোগী অংশ নেন। পুরুষ বিভাগের নৌবাহিনীর পলাশ চৌধুরী ১ ঘণ্টা ৪০ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ১ ঘণ্টা ৪৪ মিনিট ২৭ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হন।

মহিলা বিভাগে নৌবাহিনীর সুরাইয়া আক্তার (১ ঘণ্টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ড) ও সেনাবাহিনীর মুক্তি খাতুন (১ ঘণ্টা ১৪ মিনিট ৫ সেকেন্ড) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।