রদ্রিগোকে পেনাল্টি নিতে দেখে বিরক্ত রেয়াল মাদ্রিদ কোচ
কার্লো আনচেলত্তি পেনাল্টি নিতে বলেছিলেন মদ্রিচকে, মাঠে সেই সিদ্ধান্ত বদলে যাওয়ার কারণ জানেন না কোচ।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে কার্লো আনচেলত্তি জানিয়ে রেখেছিলেন, কারিম বেনজেমা চলে যাওয়ার পর পেনাল্টিতে তার প্রথম পছন্দ লুকা মদ্রিচ। কিন্তু সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। মদ্রিচ মাঠে থাকার পরও স্পট কিক নিলেন রদ্রিগো। গোল করতে ব্যর্থও হলেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের পর রেয়াল মাদ্রিদ কোচ জানালেন আরও বিস্ময়কর তথ্য, এই পেনাল্টিও তিনি নিতে বলেছিলেন মদ্রিচকেই!
লা লিগায় শুক্রবার সেল্তা ভিগোর মাঠে ৬৮তম মিনিটে রদ্রিগোর পেনাল্টি ঠেকিয়ে দেন গোলকিপার ইভান ভিয়ার।
গত বিশ্বকাপে ব্রাজিলের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন রদ্রিগো। কিছুদিন আগে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও তিনি সুযোগ হাতছাড়া করেছিলেন পেনাল্টিতে।
সেল্তার বিপক্ষে ম্যাচের পর নিজের বিরক্তিটা লুকালেন না কোচ আনচেলত্তি।
“ওই মুহূর্তে মাঠে যোগাযোগ করা কিছুটা কঠিন ছিল। ভালভের্দেকে আমি বলে পাঠিয়েছিলাম যে, লুকা (মদ্রিচ) যেন পেনাল্টি নেয়। তাকেই নিতে হবে। আমি জানি না, তাদের মধ্যে কী এমন কথা হলো যে তারা বেছে নিল রদ্রিগোকে। আমি কিছুটা হতাশ যে লুকা পেনাল্টি নেয়নি। সামনে এটা নিয়ে আমাদের ভাবতে হবে।”
ম্যাচটিতে পরে জুড বেলিংহ্যামের গোলে জয় পায় রেয়াল মাদ্রিদ। নতুন ক্লাবের জার্সিতে তিন লিগ ম্যাচেই চার গোল হয়ে গেল ইংলিশ এই তরুণের। তিনটিতেই তিনি ম্যাচের সেরা।
অবশ্য এই ম্যাচের তৃতীয় মিনিটেই রেয়াল মাদ্রিদের জালে বল পাঠায় সেল্তা ভিগো। তবে ভিএআর দেখে ফাউলের জন্য গোল দেননি রেফারি। কর্নারের সময় অভিষিক্ত গোলরক্ষক কেপা আরিসাবালাগাকে ফাউল করেন ফরোয়ার্ড ইয়োর্গেন লারসেন।
যদিও এটা নিয়ে সেল্তা আপত্তি জানাতে থাকে। তবে রেফারির সঙ্গে একমত আনচেলত্তি।
“আমারও চোখে পড়েছে যে, কেপার শার্ট ধরে টান দেওয়া হয়েছিল। আমার মনে হয়, গোলটি না দেওয়াই সঠিক সিদ্ধান্ত।”
লিগে পরের ম্যাচে আগামী শনিবার গেতাফের বিপক্ষে খেলবে রেয়াল। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিউস জুনিয়র।
