২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটনের মাঠে এসে অবশেষে জয়ের দেখা পেল সিটি

ইংল্যান্ডের শীর্ষ লিগে এক মাসের বেশি সময় পর জয়ের স্বাদ পেল পেপ গুয়ার্দিওলার দল।

লুটনের মাঠে এসে অবশেষে জয়ের দেখা পেল সিটি

প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 09:58 PM

Updated : 10 Dec 2023, 11:23 PM

একের পর এক ম্যাচে পয়েন্ট হারানো ম্যানচেস্টার সিটি অবনমন অঞ্চলের দল লুটন টাউনের বিপক্ষেও গোল হজম করে বসল। আরও একবার উঁকি দিল তাদের হোঁচট খাওয়ার শঙ্কাও। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বস্তির জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে আর্লিং হলান্ডকে ছাড়া খেলতে নামা সিটি। এলাইজা আদেবায়োর গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন বের্নার্দো সিলভা। খানিক পরই জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় সফরকারীরা।

ইংল্যান্ডের শীর্ষ লিগে চার ম্যাচ ও এক মাসের বেশি সময় পর জয়ের স্বাদ পেল সিটি; চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর গত রাউন্ডে অ্যাস্টন ভিলার মাঠে হেরে বসে ইউরোপ চ্যাম্পিয়নরা।

ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে আসার মিশনে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত সিটি। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ফিল ফোডেনের কোনাকুনি শট ঝাঁপিয়ে ফেরান লুটন গোলরক্ষক। তারপরও সুযোগ ছিল, তবে বক্সের বাইরে থেকে বের্নার্দো সিলভা শট লক্ষ্যে রাখতে পারেননি।

গোছানো আক্রমণে ১৯তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করে সিটি। রদ্রির শট দূরের পোস্টের কোণা দিয়ে লক্ষ্যেই ছিল, শেষ মুহূর্তে দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক টমাস কামিন্সকি।

প্রতিপক্ষের প্রবল চাপ সামলে বিরতির ঠিক আগে এগিয়ে যায় লুটন। ডান দিক থেকে অ্যান্ড্রোস টাউনসেন্ড দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ান আর সিটির দুই ডিফেন্ডারের মধ্যে লাফিয়ে হেডে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড এলাইজা আদেবায়ো।

দ্বিতীয়ার্ধেও একইভাবে বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে সিটি। অবশেষে ৬২তম মিনিটে গোলের দেখা পায় তারা। বল পায়ে রদ্রি ডি-বক্সে ঢুকেই প্রতিপক্ষের ট্যাকলে পড়ে যান, পজেশনও হারান। আলগা বল ধরেই জোরাল শটে সমতা টানেন বের্নার্দো সিলভা।

তিন মিনিট পরই এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে হুলিয়ান আলভারেস দারুণ পাসে দূরের পোস্টে খুঁজে নেন গ্রিলিশকে। আর নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

৭৯তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। তবে হুলিয়ান আলভারেসের দূর থেকে নেওয়া শট ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়। বাকি সময়ে খেলার গতি কিছুটা কমে যায়, এবং ছয় মিনিট যোগ করা সময় পর শেষের বাঁশি বাজতেই যেন স্বস্তির নি:শ্বাস ফেলে সিটি। ডাগআউটে গুয়ার্দিওলার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি।

১৬ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।

শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৭। দুই নম্বরে আর্সেনাল পয়েন্ট ৩৬।

দিনের আরেক ম্যাচে এভারটনের মাঠে ২-০ গোলে হারা চেলসি ১৯ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।

১৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে এভারটন। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে ১৮ নম্বরে লুটন টাউন।