বায়ার্নে পর্তুগিজ মিডফিল্ডার পালিনিয়া
চার বছরের চুক্তিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে দলে টেনেছে বুন্ডেসলিগার ক্লাবটি।
মাঝমাঠের শক্তি বাড়াতে ইংলিশ ক্লাব ফুলহ্যাম থেকে জোয়াও পালিনিয়াকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। পর্তুগিজ এই মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তি করেছে জার্মান ক্লাবটি।
২৯ বছর বয়সী পালিনিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে বায়ার্ন। আর্থিক লেনদেন নিয়ে কিছু খোলাসা করেনি তারা। তবে দা আথলেতিকের খবর, পালিনিয়াকে পেতে পাঁচ কোটি ১০ লাখ ইউরো খরচ হয়েছে বায়ার্নের।
২০২২ সালে ফুলহ্যামে যোগ দেন পালিনিয়া। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৯ ম্যাচ খেলেছেন তিনি। ৮ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটিতে।
চলতি ইউরোতে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন পালিনিয়া। দলের পাঁচটি ম্যাচেই খেলেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচ খেলে দুটি গোল করেছেন এই মিডফিল্ডার।
গত বছরও বায়ার্নে যাওয়ার খুব কাছাকাছি ছিলেন পালিনিয়া। কিন্তু দলবদলের শেষ দিনে চুক্তির প্রক্রিয়াটি ভেস্তে যায়।
