Published : 15 Jun 2026, 09:35 PM
একজন নারীকে যৌন নির্যাতন ও হামলা করে আহত করার দায়ে দোষী প্রমাণিত হয়েছেন রাফা মির। এতে ভালেন্সিয়ার একটি আদালত তাকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছে।
একজন নারী যৌন নির্যাতনের অভিযোগ আনলে ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেফতার হন মির। ওই সময়ে তার আইনজীবী বলেন, অভিযোগ অস্বীকার করছেন এই ফুটবলার।
আদালয়ের রায় অনুযায়ী, মির ও অন্য একজন ফুটবলারের ভালেন্সিয়ার একটি নাইটক্লাবে দুইজন তরুণীর সঙ্গে দেখা হয়। সেখান থেকে তারা মিরের বাসায় যান। সেখানেই সুইমিংপুল ও একটি বাথরুমে একজন নারীর ওপর যৌন নির্যাতন করেন মির।
শাস্তির পাশাপাশি আর্থিক দণ্ডও হয়েছে মিরের। ক্ষতিপূরণ হিসেবে ওই নারীকে ৬৪ হাজার ইউরো দিতে হবে তার।
এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন মির।
সেই সময়ে ভালেন্সিয়ার হয়ে খেলতেন মির। তার বর্তমান ক্লাব এলচে এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধ তাৎক্ষণিক সাড়া দেয়নি।